নবী হজরত মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মা যে মন্তব্য করেছেন, তা নিয়ে গোটা দেশ এখন উত্তাল। শুধু ভারতই নয়, দেশের বাইরেও নানান মুসলিম প্রধান দেশগুলি বিজেপি নেত্রীর এহেন মন্তব্যের বিরোধিতা করেছে। ভারতের নানান প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন এক বিশেষ সম্প্রদায়ের মানুষরা।
বাংলার নানান প্রান্তেও চলছে বিক্ষোভ, প্রতিবাদ। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখানো, নানান হিংসার ঘটনা ঘটেছে বাংলার নানান প্রান্তে। নূপুর শর্মাকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তাঁকে গ্রেফতার করার এমনকি তাঁর মৃত্যুদণ্ডের দাবীও তুলেছেন কেউ কেউ। এমন পরিস্থিতিতে এবার নূপুর শর্মার সমর্থনে এগিয়ে এল বজরং দল।
গত মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদের তরফে ঘোষণা করা হয়েছে যে নবীকে নিয়ে করা মন্তব্যের বিরোধিতা জানিয়ে দেশের নানান জায়গায় যে হিংসার ঘটনা ঘটছে, তার বিরুদ্ধে গোটা দেশে প্রতিবাদ দেখাবে বজরং দল। জানা যাচ্ছে, বজরং দলের যুব শাখার কর্মীরা আজ, শুক্রবার গোটা দেশে জেলা প্রশাসনের সদর দফতরে এই চরমপন্থি ঘটনার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করবে। পরিষদ সূত্রে খবর, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে একটি স্মারকলিপিও জমা দেবে তারা।
ভিএইচপি-এর দিল্লির শাখা একটি মন্দিরে সমবেত হবে বলে জানা যাচ্ছে। তারা সেখানে দেশের কিছু অংশে ১০ জুনের হিংসার বিরুদ্ধে প্রতিবাদ করতে হনুমান চালিসার গণ পাঠে অংশ নেওয়ার আহ্বানও জানিয়েছে বলে জানা গিয়েছে।
বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগ বিশ্বব্যাপী ভারতকে বদনাম করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসাবে গত ১০ই জুন মসজিদে প্রার্থনার পরে সহিংস বিক্ষোভ করা হয়েছিল। এমনকি মন্দির ও বাড়িতে পাথরও ছোঁড়া হয় বলেই দাবী বিশ্ব হিন্দু পরিষদের।






