আজ, ১৬ই ডিসেম্বর। এদিনটি মূলত ‘বিজয় দিবস’ হিসেবে পরিচিত। আজ ৭১-এর যুদ্ধের সুবর্ণজয়ন্তী। আজ থেকে ৫০ বছর আগে ভারতীয় ব্যাটেলিয়নের কাছে হার স্বীকার করে নেয় পাক সেনারা।
জানা যায়, বিবিসির একটা ছোট্ট ভুলের জন্যই পাকিস্তানের বিরুদ্ধে জিত হাসিল করতে খানিকটা সুবিধা হয়েছিল ভারতের। এই ভুলের জন্য বিবিসিকে ধন্যবাদও জানান তৎকালীন মেজর জেনারেল ল্যান কার্ডাজো।
সেই সময় ল্যান কার্ডাজো ছিলেন গোর্খা রাইফেলস ব্যাটেলিয়নের মেজর। এই ব্যাটেলিয়নে প্রায় ৭৫০ জন সেনা ছিল। এই ব্যাটেলিয়নের উপর দায়িত্ব দেওয়া হয় সিলেটের কাছে আতগ্রাম দখল করার। তবে সেই সময় ভারতীয় সেনাদের খাদ্য ও অস্ত্রের কিছু অভাব দেখা দেয়। তবুও সাহসের সঙ্গে সমস্ত বাধাকে উপেক্ষা করেই এগিয়ে যাচ্ছিল ভারতীয় সেনা। আর এসবের মধ্যে একটা ছোট্ট ভুল করে ফেলে বিবিসি।
লন্ডনে একটি বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কর্ণেল ল্যান কার্ডাজো। সেখানে তিনি বলেন, “আমি আজ বিবিসিকে ধন্য়বাদ জানাচ্ছি। সেই সময় ভরসা করা যায় এমন সংবাদ সংস্থা বলতে বিবিসিই ছিল। এদিকে ভারতীয় সেনার সেই সময় লুকোনর কিছু ছিল না। সেকারণে যুদ্ধক্ষেত্রে নিয়োজিত ব্রিটেনের সাংবাদিকরা ভারতীয় সেনার সঙ্গেই এগিয়ে যাচ্ছিলেন। প্রতি মিনিটে তাদের খবর পাঠাতে হচ্ছে। আর সেই সময়ই ভুল করে বসল বিবিসি”।
কিন্তু কী সেই ভুল?
এই বিষয়ে কথা বলতে গিয়ে কর্ণেল জানান, “সেই সময় বিবিসির তরফে ঘোষণা করা হয়েছিল যে ‘গোর্খাদের ব্রিগেড’ সিলেটে পৌঁছে গিয়েছে। এই তথ্য পৌঁছে যায় পাকিস্তানিদের কাছেও। এরপর ওই ভুল নিয়ে আমরা আর কথা বাড়াই নি। আমরাও ভান করছিলাম যে আমরা সত্যিই একটা ‘ব্রিগেড’। আর এই ভুল তথ্য়ের ফলেই কার্যত পাক সেনা বিপাকে পড়ে যায় ও ভয় পেতে থাকে। আর এর ফলে ব্যাটেলিয়নের কাছে জয় অনেকটাই সহজ হয়ে যায়। এরপর ১৫ই ডিসেম্বর ১৯৭১ আত্মসমর্পণ করে পাক সেনা। কিন্তু পরে দেখা যায় সেই পাক সেনার দল ব্রিগেডের থেকেও বেশি ছিল”।





