প্রতিনিয়ত দেশে বেড়ে চলেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী এখনও পর্যন্ত এ দেশে করোনা আক্রান্ত-র সংখ্যা ৫,২০০ ছাড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী সারা দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৪৯ জনের। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের দরুন মৃত্যু হয়েছে ৩৫ জনের যা এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক সংখ্যক মৃত্যু হয়েছে ভারতে।
করোনা মোকাবিলায় ২১ দিনের দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউনের দরুন সংক্রমণের গতি হ্রাস পেলেও দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হারও।
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ১৪ এপ্রিল দেশের লকডাউন শেষ হওয়ার কথা। তবে সংক্রমণের দ্রুততা বিবেচনা করে লকডাউনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছেন একাধিক রাজ্যের মন্ত্রী। ইতিমধ্যেই তেলেঙ্গানার সরকার লকডাউনের সময়সীমা বাড়ানোর ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন। অন্যদিকে উত্তরপ্রদেশ, রাজস্থান, আসামসহ রাজ্যের মুখ্যমন্ত্রীরা ১৪ এপ্রিলের পরেও লকডাউন চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।





