প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল। শূন্যপদ ছিল ৬৪২১ টি। কিন্তু পাশই করতে পারলেন না এতজন। ১৩ হাজার পরীক্ষার্থীর মধ্যে মাত্র তিন শতাংশ পাস করেছিলেন।শিক্ষক সংগঠনের দাবি, ‘আউট অফ সিলেবাস’ প্রশ্ন এসেছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য পরীক্ষায় পাস করতে পারলেন না ৯৭ শতাংশ পরীক্ষার্থীর। শুধু তাই নয়, পড়ুয়াদের ঢঙে শিক্ষক সংগঠনের দাবি, ‘আউট অফ সিলেবাস’ প্রশ্ন এসেছিল। পাঠ্যক্রমের বাইরে থেকে প্রশ্ন আসার পাশাপাশি প্রশ্নপত্রও খুব কঠিন ছিল।
গত বছর ১৫ অগাস্ট বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঘোষণা করেছিলেন, রাজ্যের সরকারি প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের জন্য বিশেষ ক্যাডার তৈরি করা হবে। সেইমতো প্রথমবার বিহারের প্রধান শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা হয়েছিল। কমিশনের তরফে জানানো হয়েছে, প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য মাত্র ৪২১ জন কাট-অফ মার্কসের গণ্ডি পার করেছেন। কাট-অফ মার্কস ছিল জেনারেলদের ক্ষেত্রে ৪০ শতাংশ, অনগ্রসর শ্রেণির প্রার্থীদের যথাক্রমে ৩৬.৫ শতাংশ এবং ৩৪ শতাংশ।
বিহারের মাধ্যমিক শিক্ষকদের সংগঠনের সভাপতি কেদারনাথ পান্ড দাবি করেন, ‘আউট অফ সিলেবাস’ প্রশ্ন এসেছিল। পাঠ্যক্রমের বাইরে থেকে প্রশ্ন আসার পাশাপাশি প্রশ্নপত্রও খুব কঠিন ছিল।





