এবার করোনা আতঙ্কে আগামী একমাস সমস্ত জনসভা বাতিল করল বিজেপি। বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিমুহূর্তেই আক্রান্তের খবর আসছে। এখনও পর্যন্ত দেশে আক্রান্ত হয়েছেন ১৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। বৃহস্পতিবার রাত আটটায় জাতির উদ্দেশ্যে এই ব্যাপারে ভাষণও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এমতাবস্থায় বিজেপির তরফ থেকে জানানো হয়েছে আগামী একমাস তারা কোনো কর্মসূচি রাখবে না। বুধবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন, বিজেপি আগামী একমাস কোনো জনসভা করবে না। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত কর্মসূচি বাতিল বলে জানিয়েছে রাজ্য বিজেপি কর্মীরা। ছোটোখাটো বৈঠক ছাড়া তারা আর কোনো বৈঠক করবেন না বলে জানিয়েছেন।
এদিকে নবান্নের উচ্চপদস্থ আমলার ছেলে করোনা নিয়ে কলকাতার শপিং মলে ঘুরে বেড়ানোর ঘটনায় মুখ খুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, “বিশেষ লোকজনের ছেলেমেয়েরা ছাড় পাচ্ছে। যার ফলে সমাজের বাকিদের ক্ষতি হচ্ছে।”
গত মঙ্গলবার রাতে এক যুবকের দেহে করোনা ভাইরাসের নমুনা পাওয়া গেলে তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে, ওই যুবক গত রবিবার লন্ডন থেকে দেশে ফিরেছিলেন। তাকে বিমানবন্দর কর্তৃপক্ষ করোনা সন্দেহে চিকিৎসার পরামর্শ দিলেও তা তিনি নাকচ করেন। এরপর তাকে এম আর বাঙুর হাসপাতাল থেকে একই নির্দেশ দেওয়া হলে তা তিনি কর্ণপাত না করে উল্টে শপিং মল সহ অন্যান্য স্থানে যাতায়াত করেন। ফলে শহরে করোনা সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে। জানা গিয়েছে, ওই যুবকের মা নবান্নে কর্মরতা। তিনি নবান্নে সোমবার অফিসও করেন। এই ঘটনায় রীতিমত ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী।





