মহারাষ্ট্রের এখন উদ্ধব রাজত্ব। আর সেখানেই বারবার ধাক্কা খাচ্ছে বিজেপি। দেশে একক বৃহত্তম দল হয়েও মহারাষ্ট্রে সরকার গঠন না করতে পারার দুঃখ ভুলতে পারছে না পদ্ম শিবির। অতীতে একবার অজিত পাওয়ারের সঙ্গে গাঁটছড়া বেঁধে সরকার গড়ে হাত পুড়েছে।
কিন্তু টাল খায়নি বিজেপির আত্মবিশ্বাস। ফের তিন মাসের মধ্যে রাজ্যে সরকার গড়বে বিজেপি বলে আত্মবিশ্বাসী মন্তব্য করলেন মহারাষ্ট্র বিজেপির অন্যতম শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানভে।
মহারাষ্ট্রের বিজেপি সরকার গড়বে তিন মাসের মধ্যে। বিধানপরিষদ নির্বাচনের প্রচারে গিয়ে ঔরঙ্গাবাদে এই কথাই জানান তিনি। জালনার সাংসদ বলেন, ‘বিজেপি কর্মীদের ভাবা উচিত নয় যে আমাদের সরকার আর আসবে না। আমাদের ছক কষা হয়ে গিয়েছে। দুই-তিন মাসের মধ্যেই সরকার গড়া হবে। বিধান পরিষদ ভোট মেটার অপেক্ষা করছি আমরা।’
অজিত পাওয়ারের সঙ্গে হাত মিলিয়ে দেবেন্দ্র ফডণবীস সরকার গঠনের এক বছরের বর্ষপূর্তিতে এই কথা বলেন বিজেপি নেতা রাওসাহেব দানভে। মাত্র ৮০ ঘণ্টা যদিও সেই সরকারের আয়ু ছিল। শিবসেনার নেতৃত্ব মহাবিকাশ আঘাদি সরকার তারপর ক্ষমতা দখল করে, মুখ্যমন্ত্রী হন উদ্ধব ঠাকরে।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, কিছু বিতর্ক এখনও পিছু ছাড়েনি ফডণবীসের। যেভাবে কাকভোরে তিনি শপথ নিয়েছিলেন বিরোধীদের এড়াতে, সেই নিয়ে অনেক কথা শুনতে হয়েছিল বিজেপিকে। সেই পরিপ্রেক্ষিতে ফডণবীশ সোমবার বলেন যে উদ্ধব সরকার যদি পড়ে যায়, তাহলে তারা যখন শপথ নেবেন, তখন ওরকম উদ্ভট সময় বেছে নেবেন না। তবে আগের ঘটনা মনে না রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
পাঁচ বছর ফডণবীসের নেতৃত্বে বিজেপি-সেনা সরকার চলার পর গত বছর বিধানসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায় এনডিএ। বিজেপি পায় ১০৫, শিবসেনা ৫৬, এনসিপি ৫৪ ও কংগ্রেস ৪৪ আসনে জয়লাভ করে। কিন্তু অনেক কম আসন পেলেও শিবসেনা দাবি করে তাদের আড়াই বছর মুখ্যমন্ত্রিত্ব দিতে হবে। কিন্তু এই দাবি মানেনি বিজেপি হাইকম্যান্ড। তখনই এনডিএ থেকে বেরিয়ে আসে শিবসেনা। ফডণবীসের ব্যর্থ প্রয়াসের পর এনসিপি ও কংগ্রেসকে সঙ্গে নিয়ে জোট বাঁধে শিবসেনা।





