নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে এবার প্রচার চালাবে বিজেপি, এমনটাই বললেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকালে দিল্লির রামলীলা ময়দানে নাগরিকত্ব সংশোধনী আইনের স্বপক্ষে সওয়াল করলেন নরেন্দ্র মোদি। এর সাথে তিনি বলেন যে, সারা দেশে এনআরসি করার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের। পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং ভুল বোঝানো হচ্ছে বিরোধীদের তরফে।
কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা আটকাতে এবং অশান্তি রুখতে রামলীলা ময়দানে কড়া পুলিশি প্রহড়ার আয়োজন করা হয়েছিল আজ। আগে থেকেই এই মিটিং-এ প্রধানমন্ত্রীকে আঘাত করা হবে বলে বিভিন্ন সংগঠন হুঙ্কার দিয়ে রেখেছিল, এই কারণেই পুলিশি নিরাপত্তা ছিল আটোসাঁটো।
প্রধানমন্ত্রী বলেন, ‘মোদি আপনাদের সমস্যা। মোদিকে গালি দিন, মোদির পুতুল জ্বালান, জুতো মারুন। কিন্তু গরিবের বাড়ি, অটো রিক্সা জ্বালাবেন না।’ নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশ কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে। এই সংঘর্ষে মৃত্যুর ঘটনাও ঘটেছে একাধিক। এই পরিস্থিতিতেই দিল্লিতে প্রকাশ্য সমাবেশ থেকে কার্যত অশান্তির জন্য বিরোধীদের কাঠগড়ায় তুললেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আমাদের দেশের বিরোধীরা এমন রাজনীতি করেন যাতে স্কুলে আক্রমণ করা হয়, গাড়ি, বাইক জ্বালানো হয়, সাধারণ করদাতাদের টাকা নষ্ট হয়। সরকারি সম্পত্তি নষ্ট করা হয়।’





