এই নিয়ে চিন্তাভাবনা অনেকদিন আগেই শুরু করা হয়েছিল, এবার তা বাস্তবের রূপ পেতে চলেছে। গতকাল, বুধবার মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করার প্রস্তাবনা পেশ করা হল কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে।
সূত্রের খবর অনুযায়ী, এক বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করার কথা বলেছিলেন। এরপর থেকেই এই বিষয় নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়।
গত বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য় রাখতে গিয়ে দেশের মহিলাদের নিজেদের প্রতিভাকে প্রকাশ করার সুযোগ দেওয়ার জন্য বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর থেকে বাড়ানোর কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, “আমাদের সরকার দেশের মেয়ে-বোনেদের স্বাস্থ্য নিয়ে ক্রমাগত উদ্বিগ্ন থাকে। মেয়েদের অপুষ্টির হাত থেকে রক্ষা করতে, সঠিক বয়সে তাদের বিয়ে হওয়া জরুরি”।
এতদিন পর্যন্ত ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ছিল ২১ বছর। মেয়েদের ক্ষেত্রে তা ছিল ১৮ বছর। তবে এবার নতুন বিল এনে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়সও ২১ বছর করার চিন্তাভাবনা চলছে। এছাড়াও, বিশেষ বিবাহ আইন, বাল্য বিবাহ, ও হিন্দু বিবাহ আইনে কিছু পরিবর্তন আনারও চেষ্টা চলছে।
মোদী সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে নীতি আয়োগের টাস্ক ফোর্স। এই টাস্ক ফোর্সের নেতৃত্বে রয়েছেন অরুণ জেটলি। এছাড়াও এই টাস্ক ফোর্সের সদস্য হলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিক ডঃ ভিকে পাল, স্বাস্থ্য় ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, নারী ও শিশু কল্যাণ মন্ত্রক, উচ্চ শিক্ষা মন্ত্রক সহ একাধিক মন্ত্রকের প্রতিনিধিরা।
গত বছরের জুন মাসে এই টাস্ক ফোর্স গঠন করা হয় কেন্দ্রের তরফে। গত ডিসেম্বরে জমা পড়ে প্রথম রিপোর্ট। এই রিপোর্টেই টাস্ক ফোর্সের তরফে জানানো হয় যে মহিলাদের স্বাস্থ্যের কথা পর্যালোচনা করে দেখগা গিয়েছে যে মহিলাদের প্রথম সন্তান হওয়ার ন্যূনতম বয়স হওয়া উচিত ২১। এছাড়া, দেরিতে বিয়ে হলে সামাজিক, অর্থনীতি ও পরিবারের স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব পড়ে। নারী ও শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করতেই মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।






