সূচে ভয়? আর কোনও চিন্তা নেই, করোনার নয়া ভ্যারিয়েন্টের আতঙ্কের মধ্যেই ন্যাজাল ভ্যাকসিনে ছাড়পত্র দিল কেন্দ্র

গত কয়েকমাস পরিস্থিতি ভালোই ছিল। কিন্তু ফের নতুন করে শুরু হয়েছে করোনা আতঙ্ক। ভয় ধরাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘বিএফ.৭’। এসবের মধ্যেই এবার সংক্রমণ মোকাবিলার জন্য ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিন বা নাকে নেওয়ার টিকায় ছাড়পত্র দিল কেন্দ্র সরকার। ‘কো-উইন অ্যাপে’ এই টিকাকে যুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এই টিকা প্রথমে বেসরকারি হাসপাতালে মিলবে। আজ, শুক্রবার থেকেই টিকাকরণ কর্মসূচিতে এই প্রতিষেধককে যুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। এই টিকা এক ধরনের বুস্টার হিসাবেই প্রয়োগ করা হবে। যাদের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে, তাদের ভারত বায়োটেকের এই টিকা দেওয়া হবে। শীঘ্রই এই প্রতিষেধকের দাম স্থির করা হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংক্রমণ একেবারেই তলানিতে ঠেকেছিল। মৃত্যুর হারও অনেক কম। কিন্তু সম্প্রতি চীনে করোনার নতুন ভ্যারিয়েন্ট চিন্তার কারণ হয়ে উঠেছে। গত জুলাই, সেপ্টেম্বর ও নভেম্বর মাসে ওড়িশা ও গুজরাতে ২ জন করে ৪ জনের শরীরে করোনার এই নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। তবে তারা চারজনই এই মুহূর্তে সুস্থ বলে জানা গিয়েছে।

এহেন আবহে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য গতকাল, বৃহস্পতিবার একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে দেশবাসীকে মাস্ক ব্যবহার করার আর্জি জানানোর পাশাপাশি করোনা পরীক্ষা বাড়ানো ও জিনোম সিকোয়েন্সিংয়ে জোর দেওয়ার পরামর্শও দেন তিনি। সামনেই বড়দিন, বর্ষবরণের মতো উৎসব রয়েছে। এর মধ্যে যাতে সংক্রমণ না বাড়ে, তার জন্য মাস্ক পরা, দূরত্ব বিধি মেনে চলা, স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেন নরেন্দ্র মোদী।

গতকাল, বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে সংসদে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানান, চীনের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এর পাশাপাশি দেশের করোনা পরিস্থিতিও পর্যালোচনা করা হচ্ছে। রাজ্যগুলিতে ইতিমধ্যে বেশ কিছু সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। স্থা

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে স্থানীয় স্তরে নজরদারি আরও বাড়াতে হবে। তিনি বলেন, “মহামারি এখনও শেষ হয়নি। কোভিড আমাদের শত্রু। সে প্রতিনিয়ত রূপ বদলাচ্ছে। তার বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে”।

আরও অন্যান্য খবর