লকডাউনের পর প্রথম জনসভা হল বিজেপির! না! মাঠ ভরিয়ে নয়। সোশ্যাল ডিসটেন্সিং বজায় রাখতে ভার্চুয়াল জনসভা হয়ে গেল বাংলায়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। ভার্চুয়াল জনসভার মঞ্চ থেকে ২০২১ সালে মমতা উৎখাতের ডাক দিলেন অমিত। করোনা পরিস্থিতির মধ্যেও বিধানসভা নির্বাচনকে নজরে রেখে রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে এই সভার আয়োজন করে বিজেপি। মঙ্গলবার সেই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সম্পূর্ণ ব্যর্থ বলে দাবি করে পরিবর্তনের ডাক দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এক নজরে দেখে নিন কী বক্তব্য রাখলেন অমিত শাহ।
- করোনা ও ঘূর্ণিঝড় আমফানে মৃতদের শ্রদ্ধার্ঘ জানিয়ে সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন ফেরি করলেন তিনি। সেই সঙ্গে বললেন “কমিউনিস্ট ও তৃণমূলকে আপনারা সুযোগ দিয়েছেন। বিজেপিকে একটা সুযোগ দিন।”
- করোনা যোদ্ধাদের সেলাম জানাই। করোনা আক্রান্তদের শুভকামনা। দ্রুত সেরে উঠুন।
- ৩০৩টি লোকসভা আসনের মধ্যে আমার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বাংলার ১৮টি আসন। কারণ পশ্চিমবঙ্গই দেশের মধ্যে একমাত্র রাজ্য যেখানে রাজনীতিক হিংসা হয়। বিজেপি ক্ষমতায় এলে রাজনৈতিক হিংসাকে রাজ্যের সীমানার বাইরে রেখে আসবে।
- বিজেপি শুধু পশ্চিমবঙ্গে নিজের সংগঠন তৈরি করতে আসেনি। প্রথাগত বাংলা, সোনার বাংলা বানাতে চায় বিজেপি।
- আমরা সেই সব দল নই যারা ১০ বছর ক্ষমতায় থাকার পরও অন্যের ওপর দোষারোপ করে। আমরা ক্ষমতায় এলে পরিবর্তন করি।
- মোদী জি জনপ্রিয় হয়ে যাবেন এই ভয়ে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প পশ্চিমবঙ্গে লাগু করতে দেননি মমতা। আমার তাঁকে প্রশ্ন, গরিবের কি চিকিৎসা করানোর অধিকার নেই? এই সরকার গরিবের অধিকার ছিনিয়ে নিচ্ছে।
- তিনি আরও বলেন “ভারত সরকার প্রত্যেক কৃষককে ৬,০০০ টাকা করে দিতে তৈরি। কিন্তু কৃষকদের টাকা দিতে চাই তালিকা কিন্তু দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। রাজনীতির সীমা থাকা উচিত।”
- অরবিন্দ কেজরিওয়ালও অয়ুষ্মান ভারত মেনে নিয়েছে। ভোট হতে দিন। মুখ্যমন্ত্রীর শপথের ১ মিনিটের মধ্যে ‘আয়ুষ্মান ভারত’ পশ্চিমবঙ্গে চালু হবে।
- মমতা দিদি আমার কাছে আমাদের হিসাব আছে। কাল সাংবাদিক বৈঠক করে আপনার হিসাব দিন। বোমা বিস্ফোরণের হিসাব দেবেন না। বন্ধ কারখানার হিসাব দেবে না। মৃত বিজেপি কর্মীদের হিসাব দেবেন না। সরকারী খাতের হিসেব দিন।
- CAA যেদিন পাশ হয় সেদিন আমি মমতার মুখ দেখেছি। ওর মুখ থেকে শব্দ বেরোচ্ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রশ্ন. মতুয়া সমাজের মানুষরা আপনার কী ক্ষতি করেছে? নমঃশুদ্র, বাংলাদেশ থেকে আসা ব্যক্তিরা কী ক্ষতি করেছে? তাঁদের নাগরিকত্ব দেওয়ার বিরোধিতা করছেন কেন? আপনার জানানো উচিত। ভোটবাক্স খুললে দেখবেন মানুষ আপনাকে রাজনৈতিক শ্মরণার্থী করবে।
- তাঁর স্পষ্ট বক্তব্য “রাজনীতির লড়াই চলবে। কেন বাংলার সাইক্লোন বিধ্বস্ত কৃষকদের বঞ্চিত করবেন। কৃষকদের তালিকা পাঠিয়ে দিন। শনিবার তালিকা দিলে সোমবার টাকা পাঠিয়ে দেব।”
- পশ্চিমবঙ্গের মানুষের হাতে ১১,০০০ কোটি টাকা তুলে দিয়েছে বিজেপি সরকার।মমতা দি বলেন, আমরা চালাতে পারছি না তো আপনারা সামলান। আমাদের যা দেওয়ার কথা আমরা দিয়েছি। এবার আপনার ইচ্ছা পশ্চিমবঙ্গের মানুষ খুব তাড়াতাড়ি পূরণ করে দেবে।
- পশ্চিমবঙ্গ সব থেকে কম শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়েছে। ২৩৬ ট্রেনে ৩ লক্ষ মানুষ এসেছেন। আমরা শ্রমিক ট্রেন নাম দিয়েছিলাম। মমতা দিদি করোনা এক্সপ্রেস বলে উল্লেখ করেছেন। আপনি যা বলেছেন তা তৃণমূল কংগ্রেসের বাইরে পাঠানোর এক্সপ্রেস হয়ে উঠবে।
- কমিউনিস্টদের শাসনের থেকেও খারাপ শাসন দিয়েছেন মমতা।
- আমফান করোনার মধ্যেও দুর্নীতি হয়েছে। কেন্দ্রের পাঠানো টাকা সিন্ডিকেটের বলি হয়েছে। তোলাবাজির বলি হয়েছে।
- মমতার জমানায় পশ্চিমবঙ্গবাসীর পাওনা বোমা বিস্ফোরণ ও সংখ্যালঘু তোষণ।
আজ এভাবেই অমিত শাহ ভার্চুয়াল জনসভায় মমতাকে আক্রমণ করেন।





