করোনা ভয়াবহতার মধ্যেই কলকাতা হাইকোর্টের জন্য গর্বের খবর। নজিরবিহীন ভাবে একই সঙ্গে কলকাতা হাইকোর্টের দু’জন বিচারপতিকে দেশের দু’টি হাইকোর্টের প্রধান বিচারপতি করার সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। কেন্দ্রের কাছে পাঠানো সুপারিশ পত্র অনুযায়ী, বিচারপতি দীপঙ্কর দত্তকে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি ও বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে মনোনীত করেছে কলেজিয়াম। বর্তমানে কলকাতা হাইকোর্ট থেকে বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ বসু সুপ্রিম কোর্টে রয়েছেন। কিন্তু দেশের কোনও হাইকোর্টে প্রধান বিচারপতি পদে কলকাতা হাইকোর্টের কেউ নেই। শনিবার কলেজিয়াম একই দিনে দুই বিচারপতির নাম দু’টি কোর্টের প্রধান হিসাবে সুপারিশ করায় এ বার সেই খরা কাটতে চলেছে।
বিচারপতি সমাদ্দার বর্তমানে এলাহাবাদ হাইকোর্ট-এ কর্মরত। ২০১৯-এর শুরুর দিকে কয়েক মাসের জন্য তিনি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি থাকাকালীন কলকাতার অধীনে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ চালু হয়। আর বিচারপতি দত্ত এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে দ্বিতীয় সিনিয়র বিচারপতি।

দু’জনই আইন পাশ করার পর ১৯৮৯ সালে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন হাইকোর্টে। পরবর্তীতে ২০০৬ সালে ২২শে জুন দু’জনই একই দিনে কলকাতা হাইকোর্টের বিচারপতি হন। বিচারপতি সমাদ্দার সিঙ্গল বেঞ্চে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিরপেক্ষ করতে প্রথম কেন্দ্রীয় বাহিনী আনার নির্দেশ দেন। পরে সেই নির্দেশ ডিভিশন বেঞ্চ খারিজ করলেও সুপ্রিম কোর্ট তাঁর নির্দেশই বহাল রাখে। আবার ডিভিশন বেঞ্চে বসে গত পঞ্চায়েত নির্বাচনেও রক্তপাতহীন ভোট করতে ই-মেলে মনোনয়নের নজিরবিহীন নির্দেশ দিয়েছিলেন তিনি।
অন্য দিকে বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়ের পর বোম্বের মতো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ হাইকোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন আরেক বাঙালি। এ জন্য বিচারপতি দীপঙ্কর দত্ত-র শুভার্থীরা গর্বিত। পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে একের পর এক স্পর্শকাতর মামলায় রাজ্যের শাসক-ঘনিষ্ঠদের বিরুদ্ধে নির্দেশ দিয়ে বিচারপতি দত্ত বেশ পরিচিত জন-পরিসরেও।





