ঠিক যেন সিনেমা! আইসিস জঙ্গী সংগঠনে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে সোশ্যাল মিডিয়া পোস্ট করেন এক কলেজ পড়ুয়া। এরপরই কলা চত্বর থেকে আটক করা হলো ওই আইআইটি পড়ুয়াকে। অসমের হাজো জেলা থেকে আটক করা হয়েছে ওই যুবককে। প্রসঙ্গত, আইআইটি গুয়াহাটির বায়োটেকনোলজির চতুর্থ বর্ষের পড়ুয়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যে তিনি আইসিস জঙ্গি সংগঠনে যোগ দিতে চান। হঠাৎই ক্যাম্পাস থেকে উধাও হয়ে যান ওই পড়ুয়া। পরে জানা যায় আটক করা হয়েছে তাকে।
উল্লেখ্য, চলতি সপ্তাহেই অসমের ধুবরি এলাকা থেকে গ্রেফতার করা হয় আইসিস জঙ্গি সংগঠনের ভারতের প্রধান হরিশ ফারুকি ও তাঁর সঙ্গী অনুরাগ সিং-কে। বাংলাদেশ থেকে সীমান্ত পার করে ওই দুই আইসিস জঙ্গি ভারতে ঢোকার চেষ্টা করছিল। এই গ্রেফতারের ক’দিন পরেই শ্বশুর মিডিয়ায় কলেজ পড়ুয়ার এমন পোস্ট চাঞ্চল্য ছড়ায়। তারপরেই গ্রেফতার হন ওই পড়ুয়াও।
জানা যায় ওই কলেজ পড়ুয়ার এমন পোস্টের পরেই পুলিশের তরফে তার খোঁজখবর করা হয়। ক্যাম্পাস থেকে হঠাৎ উধাও হয়ে যাওয়ায় গুয়াহাটি কর্তৃপক্ষ হয়রান হয়ে পড়েন। তিনি বিষয়টি জানাতে পুলিশের সাথে যোগাযোগ করে। কলেজ কর্তৃপক্ষের তরফে পুলিশকে জানানো হয়েছে দুপুর থেকেই নিখোঁজ যুবক। এমনকি তার ফোনও সুইচ অফ করা রয়েছে।
পুলিশ তল্লাশি করে ওই যুবককে উদ্ধার করে। গুয়াহাটি থেকে ৩০ কিলোমিটার দূরে হাজোতে ওই যুবককে উদ্ধার করে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্যই তাকে আটক করা হয়েছে। পুলিশের ডিরেক্টর জেনারেল জিপি সিং জানিয়েছেন, “ওই যুবককে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যুবকের বয়ান অনুযায়ী আইনানুগ পদক্ষেপ করা হবে।”
স্পেশাল টাস্ক ফোর্স সূত্র মারফত জানা গেছে, ওই যুবকের হস্টেল রুম থেকে আইসিসের পতাকার মতোই দেখতে কালো পতাকা উদ্ধার করা হয়েছে। এমনকি একটি ইসলামিক ম্যানুস্ক্রিপ্ট উদ্ধার করা হয়েছে। বাকি পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, যুবক একা থাকতে পছন্দ করত। কারো সাথে তেমন ভাবে মিশত না।





