‘মোদীকে খুন করার জন্য প্রস্তুত’, বিতর্কিত মন্তব্যের জের, গ্রেফতার কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া

‘মোদীকে খুন করার জন্য তৈরি’, এহেন মন্তব্যের জন্য গ্রেফতার হলেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া। আজ, মঙ্গলবার সকালে মধ্যপ্রদেশের দামো জেলার হাতার বাড়ি থেকে এই প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। গতকাল, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাজা পাতেরিয়া। তাঁর সেই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে তা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। তাঁর বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। এরপরই আজ তাঁকে গ্রেফতার করল পুলিশ।

গতকাল, সোমবার কংগ্রেস নেতা পাতেরিয়া মন্তব্য করেন, “সংবিধান বাঁচাতে দরকারে মোদীকে খুন করতে তৈরি”। এই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী বলেন, “মোদী নির্বাচন বন্ধ করে দেবেন, ধর্ম, বর্ণ, ভাষার ভিত্তিতে বিভাজন করবেন মোদী, দলিত, আদিবাসী, সংখ্যালঘুদের জীবন বিপন্ন। সংবিধান বাঁচাতে হলে মোদিকে হত্যা করতে প্রস্তুত থাকুন”।

এখানেই শেষ নয়, পাতেরিয়া আরও বলেন, “মোদীকে হত্যা করতে আপনারা তৈরি থাকুন, তাঁকে নির্বাচনে পরাস্ত করার অর্থে হত্যা করার কথা বলছি”। পাতেরিয়ার এই বক্তব্যে ভিডিও ছড়িয়ে পড়তে পালটা সুর চড়ায় গেরুয়া শিবির।

পাতেরিয়ার মন্তব্য হাতিয়ার করে কংগ্রেকে নিশানা করে বিজেপি। মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র অভিযোগ করেন যে মহাত্মা গান্ধীর আদর্শ ভুলে গিয়ে কংগ্রেস ইটালির ফ্যাসিস্ট নেতা মুসোলিনির পথে চলছে। যদিও তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে বলে দাবী করেন পাতেরিয়া।

তিনি বলেন, “আমি মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত। আমার বক্তব্য বিকৃতভাবে সামনে আনা হয়েছে। গান্ধীকে অনুসরণ করা ব্যক্তি কখনই কাউকে হত্যার কথা বলতে পারে না”। কংগ্রেস নেতার বিরুদ্ধে মন্তব্যের জন্য পুলিশে অভিযোগ দায়ের হয়।

কংগ্রেস নেতার এহেন মন্তব্যের জন্য সরাসরি রাহুল গান্ধীকে নিশানা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, “এরকম মন্তব্য করা গুরুতর অপরাধ।এটা কংগ্রেসের নীতি কিনা রাহুল গান্ধীর জবাব দেওয়া উচিত”। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর মতে, এর ফলাফল বিপজ্জনক হতে পারে। তাঁর কথায়, এটা ক্ষমার অযোগ্য অপরাধ।

আরও অন্যান্য খবর