কোথায় কেরালা মডেল? নতুন করে শুরু গোষ্ঠী সংক্রমণ! অবস্থা ‘গুরুতর’ স্বীকার পিনারাই বিজয়নের!

কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজার নেতৃত্বে করোনা মোকাবিলায় রাষ্ট্রপুঞ্জের আস্থা অর্জন করেছিল ভারতের কেরালা মডেল। কিন্তু কিছু দিন যাওয়ার পর ফের কেরালার একাংশে শুরু হয়ে গিয়েছে করোনার গোষ্ঠী সংক্রমণ। শুক্রবার এমনটাই জানালেন বাম শাসিত কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি জানান, রাজধানী তিরুবনন্তপুরমের উপকূলবর্তী দুটি গ্রামে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে।

তিরুবনন্তপুরমের পরিস্থিতি অত্যন্ত ‘গুরুতর’ বলে বিজয়ন বলেছেন, ‘পুনথুরা এবং পুল্লুভিলায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে।’ পুনথুরায় ৫০ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। তাঁদের মধ্যে ২৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। পুলুভিলায় ৫৭ জনের মধ্যে ২৮ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। যাঁদের পরীক্ষা করা হয়েছিল, তাঁদের কোনও নির্দিষ্ট যোগের কারণে বেছে নেওয়া হয়নি। তা সত্ত্বেও ৫০ শতাংশের বেশি মানুষের রিপোর্ট পজিটিভ এসেছে। বিশেষজ্ঞদের মতে, এটাই গোষ্ঠী সংক্রমণের প্রমাণ। অর্থাৎ র‌্যাপিড টেস্টে ৫০ শতাংশের বেশি আক্রান্তের হদিশ পাওয়া এবং এরফলে এখন যে কেউই করোনায় আক্রান্ত হতে পারেন।

বিজয়ন জানিয়েছেন, শনিবার থেকে উপকূলবর্তী গ্রামগুলিতে ট্রিপল লকডাউন প্রক্রিয়া চালু হচ্ছে। তাঁর কথায়, ‘উপকূলবর্তী এলাকাগুলি সংকটজনক পরিস্থিতির সম্মুখীন। দ্রুত রোগ ছড়িয়ে পড়ছে। পরিস্থতির মোকাবিলায় আমাদের যাবতীয় পদক্ষেপ করতে হবে।’ তবে কেরালায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির জন্য আমজনতার ঘাড়ে দোষ চাপিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, স্থানীয়ভাবে সংক্রমণের মাত্রা ক্রমশ বাড়ছে। আর মানুষের অবহেলার জন্যই তা হচ্ছে।

RELATED Articles

Leave a Comment