রাজ্যগুলিতে লকডাউনের প্রভাব এখন অনেকটাই শিথিল হয়েছে। আর তার সাথে বেড়েছে করোনা সংক্রমনের সংখ্যাও। মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাটে এখনো সংক্রমণের হার ঊর্ধমুখী। মঙ্গলবার দুপুর পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৫,৩৭৯। পাশাপাশি মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪,১৬৭ তে।
কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী করোনা সংক্রামিত হয়েছেন ৬,৫৩৫ জন এবং মৃত্যু হয়েছে ১৪৬ জনের। তবে গতকালের তুলনায় এই সংখ্যা সামান্য কম। সোমবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৬,৯৭৭ জন। আর রবিবার ওই সংখ্যাটা ছিল ৬,৭৬৭।
মঙ্গলবারের হিসেব অনুযায়ী দেশে করোনামুক্ত হওয়ার হার ৪১.৬০ শতাংশ। সোমবারের হিসেব দেখলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ায় মোট ১.৩৮ লাখের বেশি আর মৃত্যু ৪,০০০ বেশি।
মহারাষ্ট্র এখন করোনা সংক্রমনের হাব হয়ে দাঁড়িয়েছে। অনেকদিন ধরেই করোনা সংক্রমনের তালিকায় শীর্ষে অবস্থান করছে এই রাজ্য। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুয়ায়ী এই রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫২,৬৬৭। সোমবার মুম্বইয়েই আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১৪৩০ জন। এখনো অবধি শুধুমাত্র মুম্বইয়েই আক্রান্ত হয়েছেন মোট ৩১,৯৭২ জন এবং মারা গেছেন ১০২৬।
অন্যদিকে করোনা সংক্রমণে গুজরাটকে ছাড়িয়ে গেল তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা ১৭,০৮২ জন। গুজরাটে আক্রান্তের সংখ্যা মোট ১৪,৪৬৮। পাশাপাশি দিল্লিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪,০৫৩ জন এবং মৃতের সংক্যা ১৬৭ জন।





