নাম বাদ যাবে, আবার কোথাও হয়তো দেখা যাবে একাধিকবার! এমনই জল্পনায় গত কয়েক সপ্তাহ ধরে বিহারে ঘনীভূত হয়েছিল রাজনৈতিক উত্তেজনা ও জনমানসের আশঙ্কা। রাজ্য জুড়ে সমীক্ষা চলাকালীন এই আতঙ্ক আরও বাড়িয়ে তোলে কিছু রিপোর্ট, যেখানে একাধিক ভোটার তাদের পরিচয় যাচাইয়ের নোটিশ পেয়েছিলেন। কে থাকছেন, কে বাদ যাচ্ছেন—এই হিসেবেই যেন জমে উঠেছে নির্বাচনী ‘গণিত’। কিন্তু এবার সেই সম্ভাবনার তালিকাই সত্যি হল এক অর্থে।
মঙ্গলবার, নির্বাচন কমিশনের তরফে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৫২ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হবে। বিহারের বুথ লেভেল অফিসার (BLO) এবং বুথ লেভেল এজেন্ট (BLA)-দের মাধ্যমে প্রায় ৭ কোটি ৬৮ লক্ষ ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছিল। সেই বিশাল সংখ্যার মধ্যেই এবার বাদ পড়তে চলেছে লক্ষ লক্ষ মানুষ।
কমিশনের তথ্য অনুযায়ী, এই ৫২ লক্ষের মধ্যে ১৮ লক্ষ ৬৬ হাজার মানুষ ইতিমধ্যেই মৃত, তাই তাঁদের নাম মুছে ফেলা হচ্ছে। ২৬ লক্ষ মানুষ অন্যত্র স্থানান্তরিত হয়ে গিয়েছেন স্থায়ীভাবে। এমনকি ৭ লক্ষ ৫০ হাজার ভোটারের নাম একাধিক বুথে নথিভুক্ত রয়েছে, যা নিয়মবহির্ভূত। এছাড়া ১১ হাজার ভোটারের কোনও হদিশই পাওয়া যাচ্ছে না। ফলে তাঁদেরও তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কমিশন।
তবে এখানেই থামছে না তালিকা থেকে বাদ যাওয়ার সম্ভাবনা। কমিশন জানায়, এখনও ২১ লক্ষ ভোটার Enumeration Form জমা দেননি, অর্থাৎ যাচাইয়ের বিশেষ ফর্ম জমা না দিলে তাঁরাও বাদ পড়ার সম্ভাবনায় রয়েছেন। সময় হাতে মাত্র দু’দিন। সেইজন্য রাজ্যের ১২টি রাজনৈতিক দলের সাংগঠনিক সভাপতি ও নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের মাধ্যমে ভোটারদের সচেতন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ Bengal Weather Update: আজ থেকে টানা বৃষ্টি, দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা, কতদিন চলবে বর্ষা-তাণ্ডব?
যদিও নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে, পয়লা আগস্ট প্রকাশিত তালিকা চূড়ান্ত নয়। কেউ যদি তাতে নিজের নাম না পান বা কোনও ভুল দেখতে পান, তাহলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। পয়লা সেপ্টেম্বর পর্যন্ত সংশোধনের সুযোগ থাকবে। অভিযোগ গ্রহণ ও যাচাইয়ের পর সঠিক তথ্যের ভিত্তিতে তালিকায় সংশোধন হবে। ফলে যাঁদের নাম বাদ যাচ্ছে, তাঁদের জন্য এখনও সময় রয়েছে সঠিক প্রমাণ জমা দেওয়ার।





