কিছুদিন আগেই আয়কর দফতর হানা দেয় তাঁর সুখদেব বিহারের অফিসে। চলে জিজ্ঞাসাবাদ। এবার তাঁর বিপদ আরও বাড়ল। বেনামি সম্পত্তির মামলায় রবার্ট বঢরার বিরুদ্ধে রাজস্থান হাইকোর্টে আবেদন দাখিল করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
রাজস্থান হাইকোর্টে ইডির তরফ থেকে আবেদন দাখিল করে জানানো হয় যে তাঁরা রবার্ট বঢরাকে গ্রেফতার করে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায়। আজ, সোমবার রাজস্থান হাইকোর্টের বিচারক পি এস ভাটির বেঞ্চ এও আবেদনের শুনানি করবে বলে জানা গিয়েছে।
লন্ডনে নামে-বেনামে বেশ কিছু সম্পত্তি রয়েছে বঢরার নামে। এর আর্থিক মূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ পাউন্ড। এই সম্পত্তির মধ্যে রয়েছে তিনটি ভিলা। এই সম্পত্তিগুলো কেনা হয়েছিল ২০০৫-২০১০ সালের মধ্যে। তাঁর এই সম্পত্তির সন্ধানেই নেমেছিল আয়কর দফতর। এর আগে ২০১৮ সালে একবার আর্থিক তছরুপের সূত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁর সম্পত্তির তদন্তে নামে।
রাজস্থানের বিকানীরে জমি মামালতেও অভিযুক্ত ছিলেন রবার্ট। অভিযোগ উঠে, ৩৪টি গ্রামের সরকারী জমির নথিপত্র জাল করে জমি মাফিয়ারা তাঁর জমি দখল করে নেয়। এই কেলেঙ্কারিতেও তাঁর নাম জড়িয়ে পড়ে।
লন্ডনে বঢরার আরও কিছু নতুন সম্পত্তির সন্ধান পাওয়া গিয়েছে বলে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই নতুন সম্পত্তির মধ্যে ৫০ আর ৪০ লক্ষ্য পাউন্ডের দুটি বাড়ি ও অন্য সম্পত্তি রয়েছে। তবে বিদেশে অবৈধ সম্পত্তি থাকার কথা অস্বীকার করেছেন বঢরা। তাঁর দাবী, তাঁকে রাজনৈতিক কারণেই এভাবে উত্যক্ত করা হচ্ছে।





