বড়সড় আর্থিক কেলেঙ্কারি! মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা, তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করল ইডি

বড়সড় আর্থিক কেলেঙ্কারি ধরল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। ঝাড়খণ্ডের অবৈধ খনি সংক্রান্ত মামলায় তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এবার এই তদন্তে নেমে ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) ঘনিষ্ঠ পঙ্কজ মিশ্র ও অন্যান্য কিছু ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি।

এই পঙ্কজ মিশ্র হেমন্ত সোরেনের রাজনৈতিক সহকারী হিসেবে পরিচিত। ইডি সূত্রের খবর, এই পঙ্কজ মিশ্র ও আরও অন্যান্য ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১১ কোটি ৮৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল, শুক্রবার ইডি-র তরফে জানানো হয় যে সেই টাকা বাজেয়াপ্ত করেছে তারা।

ইডি-র তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, “তদন্তের সময় সংগৃহীত বিভিন্ন প্রমাণ এবং নথি থেকে বোঝা যাচ্ছে যে, বাজেয়াপ্ত করা নগদ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রায় ১২ কোটি টাকা সাহেবগঞ্জ বনাঞ্চল এবং আরও বেশ কয়েকটি এলাকায় অবৈধ ভাবে কয়লা খনন করে আয় করা হয়েছে”।

ইডি সূত্রে খবর, কয়লা কেলেঙ্কারির তদন্তে নেমে এই পঙ্কজ মিশ্রের নাম উঠে আসে। এমনকী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিধানসভা কেন্দ্র শিবগঞ্জেও এই কেলেঙ্কারি শাখা বিস্তার করেছে। 

এর আগে গত ৭ই জুলাই ১৯টি জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। যার মধ্যে মুখ্যমন্ত্রীর কেন্দ্র শিবগঞ্জ, বারহেট, রাজমহল, মির্জাচৌকি এবং বারহারওয়া রয়েছে। সেখান থেকে বহু তথ্য এবং ৫ কোটি ৩৪ লক্ষ টাকাও বাজেয়াপ্ত করেছিল ইডি। এর পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। খনি অঞ্চলে পাথর কাটার জন্য বিশেষ যন্ত্রও সেই সময় ইডি বাজেয়াপ্ত করে বলে খবর।

আরও অন্যান্য খবর