চাল, ডাল, আলু, পেঁয়াজ মজুতের ক্ষেত্রে কোনও সীমা থাকল না, পাস হয়ে গেল অত্যাবশ্যকীয় পণ্য সংশোধনী বিল

লোকসভাতে আগেই পাস হয়েছিল, এবার রাজ্যসভাতেও অত্যাবশ্যকীয় পণ্য সংশোধনী বিল পাস করিয়ে নিল কেন্দ্র সরকার। গত জুন মাসেই এই বিলটি অধ্যাদেশ আকারে আনে সরকার। মোট তিনটি বিল নিয়ে আপত্তি তুলেছিল বিরোধী রাজনৈতিক দলগুলি যার মধ্যে এটি ছিল একটি। গত রবিবারই দুটি বিল পাস করানো হয়। তৃতীয়টি হল আজ। এই বিল পাস হওয়ার ফলে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্য তেলের মতো খাদ্যদ্রব্য আর অত্যাবশ্যকীয় পণ্যের আওতায় রইল না।

কিন্তু সাধারণ জনগণের মনে প্রশ্ন আসবে যে এইসব রোজকারের প্রয়োজনীয় জিনিস অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় থাকল না, তার অর্থ কী? অত্যাবশ্যকীয় পণ্য না হওয়ার ফলে এইসব পণ্য মজুতের ক্ষেত্রে কোনও সীমা থাকল না। যার জেরে ব্যবসায়ী ও মজুতকারীরা সুবিধা পাবেন। সরকারের দাবী, এইসব পণ্য উৎপাদন, সরবরাহ, ও মজুতের ক্ষেত্রে কোনওরকম সীমা না থাকার কারণে উপকৃত হবে কৃষকেরা। তার পাশাপাশি বেসরকারি সংস্থাগুলিও এইসব পণ্যের ব্যবসার ক্ষেত্রে অনেক সুবিধা পাবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বাড়তে পারে বিদেশি বিনিয়োগও।

কৃষি বিল পাস করানো নিয়ে বিতর্ক থাকায় অনেক বিরোধী সাংসদই সভা ছেড়েছেন। ফলে কোনওরকম বিতর্ক ও হাল্লাবোল ছাড়াই রাজ্যসভায় পাস হয় এই বিল। তবে বিরোধী রাজনৈতিক দলের প্রশ্ন, বেসরকারি সংস্থাগুলি এই বিল পাশের মাধ্যমে কীভাবে লাভবান হবে? তারা কী কৃষকদের আগাম ঋণ দিয়ে ফসল কম দামে কিনে মুনাফা করবে? কিন্তু অনেক বিরোধীদের মতেই, এই বিল পাসের ফলে কৃষকেরা আদতেই কোনও সুযোগ সুবিধা পাবে না বরং তাদের ভোগান্তি চরমে উঠবে। উচ্চশ্রেণীর মানুষ লাভবান হলেও মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কপালে ভাঁজ পড়বে কারণ চাল, ডাল, আলু, পেঁয়াজের মতো রোজকার প্রয়োজনীয় জিনিস অত্যাবশ্যকীয় পণ্যের আওতায় না থাকার ফলে যেমন খুশি বৃদ্ধি পেতে পারে এইসব পণ্যের দাম। সত্যিই কতোটা ফলশ্রুত হতে চলেছে কেন্দ্রের এই সিদ্ধান্ত, এখন সেটাই দেখার।

উল্লেখ্য, প্রায় ছয় দশক পর বদল হল এই আইন। এই বিষয়ে কেন্দ্রীয় কনজিউমার অ্যাফেসার্স দফতরের মন্ত্রী ডি আর দাদারাও জানান, আগে দেশের আইন অনুযায়ী পণ্য মজুতের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা থাকায় কৃষিক্ষেত্রে বিনিয়োগে বাধা দেখা দিত, কিন্তু এই বিলের মাধ্যমে কৃষক ও ক্রেতা, দুই-ই লাভবান হবে। কোনও আপতকালীন পরিস্থিতি ছাড়া এইসব পণ্য মজুতের ক্ষেত্রে আর কোনও বাধা রইল না।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment