করোনা আবহেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মানালি-অভিমন্যু

গত সোমবার ঘরোয়া পরিবেশেই বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী মানালি দে ও পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। চলতি বছরের ১৫ই আগস্টের দিনই আইনি মতে বিয়ে করেন তারা। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক বিয়ে, সেটার পাটও চুকিয়ে ফেললেন নবদম্পতি।

অভিমন্যুর বাড়িতেই আয়োজিত হয় বিয়ের অনুষ্ঠান। বর্তমানে করোনা পরিস্থিতিতে একেবারেই ঘরোয়াভাবে পালন করা হয় বিয়ের অনুষ্ঠান। শুধুমাত্র মালাবদল ও সিঁদুরদান। সামাজিক দুরত্বের কথা মাথায় রেখে আইবুড়োভাত থেকে গায়ে হলুদ কোনও অনুষ্ঠানই করেননি মানালি অভিমন্যু।

বিয়েতেও উপস্থিত ছিলেন শুধুমাত্র দুই পরিবারের সদস্য ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। শাশুড়ি মায়ের কাছ থেকে পাওয়া গোলাপি রঙের শাড়ি পরেই বিয়ে সারেন মানালি। আফশোস করে অভিনেত্রী বলেন যে করোনা না থাকলে আরও বড়ো করে বিয়েটা করা যেত। রেজিস্ট্রির দিন অভিমন্যুর মা মুম্বইতে থাকায় ওইদিন উপস্থিত থাকতে পারেননি তাই তিনি ফিরে আসার পরেই আনুষ্ঠানিকভাবে বিয়েটা সারা হল। পরিচালকের কথায়, “এখন বিয়ে করার একটাই কারণ, পরিবারকে বেশি করে সময় দেওয়া যাবে।“ এদিকে মানালির অভিযোগ অভিমন্যু নাকি অনেক রাত পর্যন্ত জেগে টিভি দেখেন। তাই যাতে ঘুমের ব্যাঘাত না ঘটে তার জন্য আইমাস্ক কিনেছেন মানালি।

আইনি বিয়ের দিনেও অতিথির সংখ্যা ছিল হাতে গোনা। ছিলেন মানলির বাবা, দাদু ও অভিমন্যুর বাবা। সেদিনও বেশ ছিমছাম সাজেই দেখা গিয়েছিল মানালিকে। লাল চুড়িদার, কানে ছোটো দুল, দুহাতে হালকা চুড়ি, ও খোলা চুল। অভিমন্যু পরনে ছিল লাল শার্ট ও জিন্স।

বিয়েতে অভিমন্যুর থেকে একটি হিরের আংটি উপহার পান অভিনেত্রী। বিয়ের মেনুতে ছিল মাটন বিরিয়ানি ও মাটন কষা। করোনা পরিস্থিতির জেরেই দুজনের হানিমুন আটকে রয়েছে শান্তিনিকেতনে মানালির বাড়ি পর্যন্তই। পরিস্থিতি স্বাভাবিক হলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

অভিমন্যুর সঙ্গে মানালির প্রেম বেশ অনেকদিনের। সপ্তকের সঙ্গে মানালির প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর অভিমন্যুর সঙ্গে পরিচয় হয় তার। ‘নিমকি ফুলকি’-এর সেট থেকেই শুরু হয় দু’জনের প্রেম। নিজেদের সম্পর্কের কথা কোনওদিনই লুকিয়ে রাখেননি কেউই। সম্প্রতি ‘নিমকি ফুলকি ২’-তেও একসঙ্গে কাজ করেছেন তারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment