২০১৯ সালের ৫ই আগস্ট জম্মু-কাশ্মীরে প্রত্যাহার করা হয় ৩৭০ ধারা। এর ফলে জম্মু ও কাশ্মীর দুটি আলাদা প্রদেশে বিভক্ত হয়ে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। কেন্দ্র সরকারের এই আইন বাতিল করার ঘটনায় কার্যত আগুন জ্বলে ওঠে উপত্যকায়।
জম্মু ও কাশ্মীরের বিক্ষোভ শুরু করে মানুষ। নানান ঘটনা সামনে আসতে থাকে। ৩৭০ ধারা প্রত্যাহারের পর পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষ্যে আজ প্রথম কাশ্মীর সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এরই মাঝে বিপদ। মোদীর সভাস্থল থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে ঘটে গেল এক বিস্ফোরণ।
সূত্রের খবর অনুযায়ী, আজ, রবিবার সকালে আচমকা জম্মুর লালিয়ান গ্রামে বিস্ফোরণ ঘটে। সভাস্থল থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে বিস্ফোরণের এই খবর পাওয়া মাত্র সেখানে হাজির হয় প্রশাসন। ঘটনাস্থলে খুঁটিয়ে দেখার পর পুলিশের এক আধিকারিক জানান, “এই ঘটনার সঙ্গে জঙ্গি কর্ম কাণ্ডের কোন সম্পর্ক নেই বলেই মনে করা হচ্ছে। তবে আমরা এ বিষয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাই না”।
এদিকে আবার গত শুক্রবার ফের একবার সিআইএসএফ-এর বাস লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে। জঙ্গি সংগঠনের কিছু জঙ্গি গ্রেনেড দিয়ে সেনাদের উপর হামলা চালায় বলে খবর মেলে। এই ঘটনায় মৃত্যু হয় এক জওয়ানের। এরপরই এই ঘটনার তদন্তে নেমে দুই জইশ জঙ্গি খতম করে সিআইএসএফ। শুক্রবারের সেই ঘটনা আর আজ মোদীর সভাস্থল থেকে খানিক দূরে এই বোমা বিস্ফোরণ, দুই ঘটনা বেশ চিন্তা বাড়িয়েছে জম্মু প্রশাসনের।
উল্লেখ্য, জম্মুর সাম্বা এলাকার আজকের মোদীর ওই অনুষ্ঠানে অংশ নেবেন হাজার হাজার দলীয় কর্মী। কর্মসূচি হয়ে গেলে কাশ্মীরবাসীর উদ্দেশে গণতন্ত্রের বার্তা দেবেন প্রধানমন্ত্রী, এমনটাই জানা গিয়েছে।
কাশ্মীরে ভোট প্রায় আসন্ন। এর আগে মোদীর এই সফর যে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা বলাই বাহুল্য। এখানে জয়ী পঞ্চায়েত সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকও করবেন বলে সূত্রের খবর। ভোটের আগে তাদের সঙ্গে আলোচনা করে এলাকার পরিস্থিতি বুঝে নিতেই যে এই বৈঠক, তা আর বলার অপেক্ষা রাখে না।






