কৃষক বিদ্রোহ! লাল কেল্লার ভিতরে সন্দেহজনক বস্তুর হদিশে তদন্তে নামল বম্ব স্কোয়াড ও ফরেন্সিক টিম

গতকাল প্রজাতন্ত্র দিবসের দিন শান্তিপূর্ণ মিছিলের নামে কৃষকদের দিল্লি অ্যাটাক দেখেছে দেশ। কেউ সমর্থন করেছেন কেউ সমর্থন করেননি।

হাঙ্গামার মূল লক্ষ্য হয়ে উঠেছিল দিল্লির হেরিটেজ রেড ফোর্ট বা লালকেল্লা। আর এবার সেখানেই তদন্তে নামল ফরেন্সিক টিম। একইসঙ্গে রয়েছে বম্ব স্কোয়াডও।

গতকালের হামলার পর লাল কেল্লার ভিতরে সন্দেহভাজন কিছু পড়ে রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে বম্ব স্কোয়াড। এর পাশাপাশি লালকেল্লার চারপাশ, আইটিও চত্ত্বর ও অন্যান্য জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবারের ঘটনায় কারা কারা জড়িত, তাদের চিহ্নিত করার কাজ চলছে।

ইতিমধ্যেই দেশের ঐতিহ্য লাল কেল্লার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে গিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ সিং পাটেলও। অন্যদিকে দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই ঘটনার পর দিল্লি পুলিশের সদর দফতরে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন আধিকারিকরা। দুপুরে সাংবাদিক বৈঠক করবেন পুলিশ কর্তারা। গতকালকের ট্রাক্টর মিছিলে হিংসার ঘটনায় ইতিমধ্যেই ২২টি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ । পাশাপাশি, গতকালকের হিংসায় জখম হয়েছেন একশোরও বেশি পুলিশকর্মী।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল অর্থাৎ গণতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্রাক্টর র‌্যালি ঘিরে  রণক্ষেত্রের রূপ নিয়েছিল রাজধানী দিল্লির পথঘাট। 

মিছিলের জন্য বরাদ্দ থাকা নির্দিষ্ট পথে না গিয়ে ক্রমে দিল্লি অভিমুখে ঢুকে পড়ে ট্রাক্টর বাহিনী। ভাঙতে থাকে একের পর এক ব্যারিকেড। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় পাথর। পাল্টা পুলিশ ছোঁড়ে কাঁদানে গ্যাস। করা হয় ব্যাপক লাঠিচার্জ। এরপরই লাল কেল্লার দখল নেয় কৃষকদের মিছিল। বিক্ষোভকারীদের মধ্যেই একদল লাল কেল্লার চূড়ায় উঠে নিশান সাহিবের পতাকা উড়িয়ে দেয়। বিশাল মিছিলের সামনে কার্যত অসহায় বোধ করে পুলিশ বাহিনী।

আরও অন্যান্য খবর