অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে বিরোধিতার সুর চড়িয়েছেন এআইএমআইএম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়েইসি। তিনি মন্তব্য করেছেন, অযোধ্যায় বাবরি মসজিদ ছিল, আছে, আর থাকবে। বুধবার ভূমিপুজোর পর তিনি বলেন, প্রধানমন্ত্রী অযোধ্যায় মন্দিরের ভূমিপুজো করার সাথে সাথেই হিন্দুত্বের কাছে ধর্মনিরপক্ষেতার পরাজয় হয়েছে। এবার তাঁর এই বক্তব্য নিয়েই চলছে বিস্তর জলঘোলা। গেরুয়াপন্থী সংগঠনগুলি তাঁর বক্তব্যের বিরোধিতা তো করেছেই সেই সঙ্গে তাঁকে এবার তুলোধোনা করলেন শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভী।
বৃহস্পতিবার রিজভী ওয়েইসির বিরুদ্ধে তোপ দেগে বলেন, “আপনি পাকিস্তান চলে যান। আর দয়া করে ভারতীয় মুসলমানদের শান্তিতে থাকতে দিন।” তিনি অযোধ্যায় রাম মন্দির এর পক্ষে সওয়াল করেন এই বলে যে দীর্ঘদিন ধরেই হিন্দুরা রাম মন্দির নির্মাণের দাবি জানিয়ে আসছেন এবং সেই দাবি যুক্তিসংগত। সুপ্রিম কোর্টের নির্দেশেই সংবিধান মেনে রাম মন্দিরের নির্মাণ শুরু হয়েছে। তাই তিনি ওয়েইসিকে সাবধান বাণী শুনিয়েছেন যে এই বিষয়েকে হাতিয়ার করে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর জন্য উস্কানি না দিতে।
এমনকি তিনি এই দিন এমনটাও বলেন যে, তালিবান নেতা মোল্লা মোহাম্মদ ওমর ও আল-কায়দা প্রধান ওসামা বিন লাদেন মারা গিয়েছেন। তাই পাকিস্তান ও আফগানিস্তানের এখন আপনাকে প্রয়োজন রয়েছে। আপনি ওখানে চলে যান। শিয়া ওয়াকফ বোর্ড বরাবরই রাম মন্দির নির্মাণের পক্ষে সওয়াল করে এসেছে। সেইজন্যে সুন্নি ওয়াকফ বোর্ড ও মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে বারবার মতবিরোধে জড়িয়েছেন রিজভী। এইবারও তার অন্যথা হলো না।





