জোর করে মহিলা কর্মীকে চুমু খাচ্ছেন, গায়ে হাত দিচ্ছেন এক ব্যক্তি। মহিলা বারবার হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। তিনি বাধা দিলে জোর-জবরদস্তি করছে ওই ব্যক্তি। মহিলা কান্নাকাটি করছেন, আর তা দেখে মজা পাচ্ছেন ব্যক্তি।
সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। জানা গিয়েছে, ভিডিওটি উত্তরপ্রদেশের লখনউয়ের হুসেনগঞ্জের একটি সরকারি অফিসের। নির্যাতিতা ওই মহিলার দাবী, যে ব্যক্তি যৌন হেনস্থা করছেন, তিনি সংখ্যালঘু উন্নয়ন দফতরে আন্ডার-সেক্রেটারি পদে রয়েছেন। ওই ব্যক্তির বিরুদ্ধে হুসেনগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বছর ৩০-এর ওই বিবাহিতা মহিলা জানান যে ২০১৩ সাল থেকে ওই সরকারি অফিসে চুক্তিভিত্তিক কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করছেন তিনি। সেখানেই সেকশন ইন চার্জ হলেন ওই ব্যক্তি, ইচ্ছারাম যাদব। ২০১৮ সাল থেকেই ওই ব্যক্তি তাঁকে যৌন হেনস্থা করছেন বলে অভিযোগ মহিলার।
https://twitter.com/Arv_Ind_Chauhan/status/1458476422641557509?t=1A0ci99YiwMpo-KVLQTmlg&s=19
মহিলা জানান যে মাসখানেক আগে ইচ্ছারাম তাঁকে মহিলা শৌচালয়ে গিয়ে ‘মজা’ করার প্রস্তাব দেন। তাঁর অভিযোগ, সেই প্রস্তাবের বিরোধিতা করতেই ইচ্ছারাম হুমকি দেন যে তাঁর কথামতো কাজ না করলে চাকরি থেকে বরখাস্ত করা হবে। ‘জীবন তছনছ’ করে দেবেন। বিয়ের প্রস্তাব গ্রহণ না করলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওই মহিলা।
https://twitter.com/Arv_Ind_Chauhan/status/1458493025772990466?t=Y7nv4fiewHrPT4Kk1mrG-w&s=19
মহিলার অভিযোগের ভিত্তিতে ইচ্ছারামের বিরুদ্ধে হুসেনগঞ্জ থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা, ৫০৬ ধারা এবং ২৯৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, গত ২৯ অক্টোবর রাত ১০ টা ১৮ মিনিটে সেই দায়ের হয়েছে এফআইআর। এরপর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।





