দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ। আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। মৃত্যু সংখ্যা সাতশ ছুঁই ছুঁই। এই পরিস্থিতিতে ডাক্তার থেকে নার্স সবাই অপরিসীম লড়াই করছেন। তাঁদের সুপারহিরো বলছেন সবাই। কিন্তু যে সুপারহিরোরা না থাকলে আমরা পুরোপুরি অন্ধকারে থাকতাম তাদের কথা এবার ভাবছে হরিয়ানা সরকার। করোনা ভাইরাসকে উপেক্ষা করে যেসব সাংবাদিকরা কাজ করছেন, সেইসব সাংবাদিকদের জন্য এবার ১০ লক্ষ টাকার বিমার ঘোষণা করল হরিয়ানা সরকার। একথা নিজেই জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর।
বেশিরভাগ সংবাদমাধ্যমে ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করা হলেও রিপোর্টিং এবং টেকনিক্যাল কাজের জন্য বেরতে হচ্ছে সাংবাদিকদের। তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পথেঘাটে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই রিপোর্টিং করে যাচ্ছেন। তাই এইসব সাংবাদিকদের জন্য ১০ লক্ষ টাকার বিমা ঘোষণা করেছে হরিয়ানা সরকার। এই সঙ্কটজনক পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে খবর পৌঁছে দিচ্ছেন সাংবাদিকরাই। এ কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিল হরিয়ানা সরকার, যা শুনে সাধুবাদ জানাচ্ছেন সকলেই।
এদিকে মহারাষ্ট্রেই প্রায় ৫০ জন সাংবাদিক করোনা আক্রান্ত হয়েছেন। চেন্নাইতে করোনা ভাইরাস আক্রান্ত প্রায় ২০ জনেরও বেশি সাংবাদিক। এবার দেশজুড়ে সাংবাদিকদের করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।
সাংবাদিকদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়া নিয়ে চিন্তিত দিল্লি সরকারও। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল প্রত্যেক সাংবাদিকের নমুনা পরীক্ষা করা হবে বলে ঘোষণা করেছেন।






