শেষ সময় সীমা ছিল সোমবার সকাল হয় ১০টা পর্যন্ত। কিন্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পরও নয়াদিল্লির নর্থ ব্লকের কাজে যোগ দিলেন না রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রের এই নির্দেশ অমান্য করায় আলাপনের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে পারে কেন্দ্র সরকার। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও জানা গিয়েছে।
সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, এই বিষয়ে ইতিমধ্যেই বৈঠক সেরেছেন স্বরাষ্ট্রমন্ত্রক ও কর্মীবর্গ মন্ত্রকের আধিকারিকরা। আইনি পরামর্শ নিতে শুরু করেছেন বলে খবর। কেন্দ্রের নির্দেশ অমান্য করে আজ সোমবার দিল্লি পৌঁছননি মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। নর্থ ব্লকের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরের কাজে তিনি যোগ দেবেন না বলে জানা গিয়েছে। এর বদলে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সচিবের বৈঠক অংশগ্রহণ করবেন আলাপন বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিবের এই ধরনের আচরণে বেজায় ক্ষেপেছে কেন্দ্র।
আবার জানা গিয়েছে, আলাপন বিষয়ে আজ, সোমবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন যে, মুখ্যসচিবকে রাজ্য সরকার ছাড়বে না। তিনি আরও জানিয়েছেন, আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে গিয়ে কাজ করার যে নির্দেশ কেন্দ্র দিয়েছে, তা যেন প্রত্যাহার করে নেওয়া হয়।






