মাত্র ১ টাকায় মিলবে স‍্যানিটারি প‍্যাড, নারীর ক্ষমতায়নে জোর মোদীর! ‘দেশবাসীর স্বপ্ন হোক স্বনির্ভর ভারত!’

আত্মনির্ভর হতেই হবে ভারতকে। অতিমারীর আবহেই উদযাপিত হচ্ছে দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস। লাল কেল্লায় তেরঙা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী। সপ্তম বারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণও দিলেন। লালকেল্লা থেকেই ফের তার গলায় শোনা গেল ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার প্রয়োজনীয়তার কথা।

২০১৯-এর স্বাধীনতা দিবসে আগামী ৫ বছরের মধ্যে দেশের অর্থনীতি ৫ লক্ষ কোটি টাকা করার বার্তাও দিয়েছিলেন মোদী। কিন্তু করোনার প্রকোপে ধাক্কা খেয়েছে দেশের আর্থিক বৃদ্ধি। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী আজ কোন দিশা দেখাবেন সে দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। ৭৪তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বললেন আত্মনির্ভর ভারত ১৩০ কোটি ভারতীয়ের মন্ত্র হয়ে উঠুক বলে আহ্বান জানান তিনি। গোটা দেশের কাছে আবারও তিনি তাঁর স্লোগান ‘ভোকাল ফর লোকালের’ প্রতি মনযোগ দিতে আবেদন জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেক ভারতীয়ের স্বপ্ন স্বনির্ভর ভারত গড়ে তোলা। এই স্বপ্নকে এবার আমরা বাস্তবে পরিণত করব।’

শনিবারের ভাষণে প্রধানমন্ত্রী নারীদের জন্যও এক দারুণ ঘোষণা করেছেন। বরাবরই বিজেপি সরকার নারী ক্ষমতায়নের উপর জোর দিয়েছে। এবার তিনি ঘোষণা করলেন যে দেশের মহিলারা মাত্র ১ টাকায় স্যানিটারি প্যাড কিনতে পারবেন। আর তাঁর এই ঘোষণার পরই সোশ্যাল মিডিয়াতে তারিফের বন্যা বয়ে গেল। প্রধানমন্ত্রী বলেন, “এই সরকার সবসময়ই আমাদের দেশের মেয়ে ও বোনেদের স্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন ছিল। এবার তাই ৬,০০০ জনৌষধি কেন্দ্রের মাধ্যমে দেশের প্রায় ৫ কোটি মহিলার হাতে মাত্র ১টাকার বিনিময়ে তুলে দেওয়া হবে স্যানিটারি প্যাড। এছাড়াও, দেশের তরুণীদের বিবাহের জন্য আমরা একটি কমিটি গঠন করেছি যারা ঠিক সময়ে বিয়ের জন্য টাকার জোগান দেবে।” “আমরা নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করছি। নৌবাহিনী এবং বিমানবাহিনীতেও এবার নারীরা যুদ্ধে তাঁদের ভূমিকা পালন করতে পারবে। মহিলারাও এখন নেতৃত্ব দিচ্ছে … আমরা তিন তালাক প্রথাকে বিলুপ্ত করেছি”, এই কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘এই করোনা অতিমারীর সময়ে ১৩০ কোটি ভারতীয় আত্মনির্ভর ভারত গড়ে তোলার স্বপ্ন দেখেছেন। আমি আত্মবিশ্বাসী যে ভারত তার স্বপ্নকে অনুভব করতে পেরেছে। আমরা একবার যখন একটা কিছু করব বলে ঠিক করি, তখন তা পূরণ না করা পর্যন্ত আমরা থামি না। আমার সহ-নাগরিকদের ক্ষমতা, আত্মবিশ্বাস এবং দক্ষতার ওপর আমার পূর্ণ আস্থা আছে।’

তাঁর মেক ইন ইন্ডিয়া স্লোগানে এদিন আরও একটু সংযুক্ত করে নমো বলেন, ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর ওয়ার্ল্ড।’ প্রধানমন্ত্রী বলেন, ‘এফডিআই বা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সব রেকর্ড ভেঙে দিয়েছে। এফডিআই-এ ১৮ শতাংশ গ্রোথ হয়েছে। এমনকি এই করোনা অতিমারীর মধ্যেও ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে। এর থেকে এটাই প্রমাণিত হয় যে আমাদের ক্ষমতার ওপর গোটা বিশ্বের আস্থা রয়েছে।

এদিন লালকেল্লা থেকে প্রত্যেক ভারতীয় জন্য হেলথ আইডির ঘোষণা করেন মোদী। প্রত্যেক ভারতীয়ের পরিচিতির জন্য যেমন আধার কার্ড রয়েছে, ঠিক তেমনই প্রত্যেকের স্বাস্থ্য পরিচিতির জন্য আলাদা করে হেলথ আইডি দেওয়া হবে। স্বাধীনতা দিবসে ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জানান, প্রত্যেক ভারতীয়ের স্বাস্থ্য সম্পর্কিত রিপোর্টের ডিজিটাইজেশন করা হবে এই প্রকল্পে। কোনও চিকিৎসক কোন ধাপে নির্দিষ্ট ব্যক্তিকে দেখেছেন, কোন কোনও চিকিৎসা তিনি পেয়েছেন, সেই তথ্যও থাকবে সেখানে। পরবর্তী পর্যায়ে এই প্রকল্পে ই-ফার্মেসি এবং টেলিমেডিসিনকেও যুক্ত করা হবে।

RELATED Articles

Leave a Comment