সুদীর্ঘ ১০মাস কেটেছে চোখে চোখ রেখে। অবশেষে মুখোমুখি থাকার পর এবার প্যাংগং হ্রদ থেকে সেনা সরাচ্ছে চীন। সরছে ভারতীয় সেনাও।
দশ মাসের টানটান উত্তেজনার পর অবশেষে শান্তি ফিরতে চলেছে পূর্ব লাদাখে। মঙ্গলবার একাধিক ভিডিও এবং ছবি প্রকাশ করে তারই প্রমাণ দিল ভারতীয় ফৌজ।
এদিন সেনার নর্দার্ন কমান্ডের কাছ থেকে বেশ কয়েকটি ছবি ও ভিডিও পেয়ে তা প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই। ছবিগুলিতে মূলত ভারত-চীন সংঘর্ষের অন্যতম কেন্দ্রবিন্দু প্যাংগং হ্রদের উত্তর ও দক্ষিণ থেকে লালফৌজ ও ভারতীয় বাহিনীর পিছু হঠার দৃশ্য ধরা পড়েছে। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ উড়িয়ে ফটোগুলিতে দেখা যাচ্ছে, নিজেদের অবস্থান থেকে সরে যাচ্ছে ভারত ও চীনের ট্যাংক বাহিনী। নিজেদের সেনা তাঁবু ও বাঙ্কারগুলিও ভেঙে ফেলছে জিনপিংয়ের দেশের সেনা।
Pics of Indian and Chinese troops and tanks disengaging from the banks of Pangong lake area in Eastern Ladakh where they had been deployed opposite each other for almost ten months now.
(Pics Source: Northern Command, Indian Army) pic.twitter.com/Or2pwBo0AA
— ANI (@ANI) February 16, 2021
ভারতীয় সেনা সূত্রে খবর, প্যাংগংয়ের ফিঙ্গার ৮ পর্যন্ত পিছিয়ে যাবে লালফৌজ। পাল্টা ফিঙ্গার ৩ ও ফিঙ্গার ৪-এর মধ্যে ধন সিং থাপা পোস্টে মোতায়েন থাকবে ভারতীয় ফৌজ। সীমান্তে সংঘাত নিয়ে আলোচনা চলাকালীন বিতর্কিত ফিঙ্গার এলাকাগুলিতে টহল বন্ধ রাখবে দুই পক্ষই।
উল্লেখ্য, ভারতের দাবি মতো ফিঙ্গার ৮ বরাবর গিয়েছে প্রকৃত নিয়ন্ত্রণরেখা। পালটা ফিঙ্গার ৪ পর্যন্ত নিজেদের এলাকা বলে দাবি করে চীন।
#WATCH: Indian and Chinese troops and tanks disengaging from the banks of Pangong lake area in Eastern Ladakh where they had been deployed opposite each other for almost ten months now.
(Video Source: Northern Command, Indian Army) pic.twitter.com/HUU7nO4jpo
— ANI (@ANI) February 16, 2021
২০২০ থেকে পূর্ব লাদাখে মুখোমুখি অবস্থায় রয়েছে ভারত ও চীনের সেনাবাহিনী। গালওয়ান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকেই কার্যত বারুদের স্তূপে পরিণত হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণরেখা। এহেন পরিস্থিতিতে সংঘর্ষের অন্যতম কেন্দ্রবিন্দু প্যাংগং হ্রদ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে দুই দেশ বলে কয়েকদিন আগেই দাবি করেছিল চীনা প্রতিরক্ষামন্ত্রক। তারপরই গত ১১ই ফেব্রুয়ারি রাজ্যসভায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, সেনা সরানো নিয়ে দু’পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। সংঘাতের কেন্দ্রবিন্দু প্যাংগং হ্রদের উত্তর ও দক্ষিণে সেনাবহর কমানো হচ্ছে। প্যাংগং হ্রদের ফিঙ্গার ৮ থেকে সেনা প্রত্যাহার করবে চীন। ফিঙ্গার ৩ পর্যন্ত থাকবে ভারতীয় বাহিনী। তবে এক ইঞ্চি জমিও ছাড়বে না ভারত। গোটা প্রক্রিয়ার উপর আকাশপথে নজরদারি চালানো হবে।
অর্থাৎ আপাতভাবে সীমান্তের সমস্যা মিটিয়ে ফেলতে সচেষ্ট দুই প্রতিবেশী দেশ।





