India: রাষ্ট্রপুঞ্জে গর্জে উঠলেন ভারতীয় কূটনীতিক! শাহবাজ় ও ট্রাম্পের মন্তব্যের জবাবে কী বললেন ভারতের প্রতিনিধি?

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল ভারত-পাকিস্তান সম্পর্ক। এবারে শুধু পাকিস্তান নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরনো দাবিকেও কার্যত উড়িয়ে দিল ভারত। জাতিসংঘের সাধারণ সভার ৮০তম অধিবেশনে ভারতের প্রতিনিধি পেটাল গহলৌত জানিয়ে দেন, দিল্লি দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক ইস্যুতে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেবে না। তাঁর এই দৃঢ় ও স্পষ্ট বক্তব্য রাতারাতি সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত শুক্রবার দাবি করেন, ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতের সঙ্গে চার দিনের সংঘাতে পাকিস্তান সাফল্য অর্জন করেছিল। একই সঙ্গে কাশ্মীর প্রসঙ্গ টেনে ভারতকে কাঠগড়ায় তোলারও চেষ্টা করেন। শরিফ বলেন, কাশ্মীরের মানুষদের পাশে রয়েছে পাকিস্তান এবং একদিন নাকি ভারতের ‘অত্যাচার’ বন্ধ হবেই। শুধু তাই নয়, সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে ভারত আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর এই মন্তব্যের জবাব দিতে গিয়েই ভারতের কূটনীতিক জানান, পাকিস্তান মূলত মিথ্যা ও নাটক করে সন্ত্রাসবাদকে মহান করার চেষ্টা করছে, যা তাদের কূটনীতির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে।

গহলৌত স্পষ্ট ভাষায় বলেন, ভারত ও পাকিস্তান বহু আগেই সিদ্ধান্ত নিয়েছে যে দুই দেশের অমীমাংসিত বিষয় তারা নিজেরাই সমাধান করবে। এর ক্ষেত্রে কোনও তৃতীয় পক্ষ, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রকেও দিল্লি প্রবেশাধিকার দিতে ইচ্ছুক নয়। এই অবস্থান ভারতের দীর্ঘদিনের নীতি, যা রাষ্ট্রপুঞ্জের মঞ্চ থেকে নতুন করে পুনর্ব্যক্ত করলেন তিনি। ট্রাম্প অতীতে বারবার দাবি করেছিলেন, ভারত-পাক সংঘাত থামাতে তাঁর অবদান রয়েছে। আবার কাশ্মীর সমস্যা মেটাতে মধ্যস্থতা করার আগ্রহও দেখিয়েছিলেন। কিন্তু ভারতের এই বক্তব্য স্পষ্ট করে দিল, নয়াদিল্লি সেই পথে হাঁটতে একেবারেই রাজি নয়।

এর পাশাপাশি পাকিস্তানের যুদ্ধ-বিজয় সংক্রান্ত দাবিকেও বিদ্রুপ করে মন্তব্য করেন গহলৌত। তিনি বলেন, চার দিনের সংঘাতে ভারতের সেনা পাকিস্তানের বহু বিমানঘাঁটি ধ্বংস করে দিয়েছিল, যার ছবি তখনই প্রকাশ্যে এসেছিল। ফলে রানওয়ে ধ্বংসকে যদি শরিফ ‘বিজয়’ বলে থাকেন, তবে সেই ভ্রান্ত ধারণায় পাকিস্তান খুশি হলেও ভারতের কিছু যায়-আসে না। তাঁর কড়া ভাষার কারণে উপস্থিত প্রতিনিধিদের সামনে পাকিস্তানের অবস্থান স্পষ্টতই কোণঠাসা হয়ে পড়ে।

আরও পড়ুনঃ ঠাকুর দেখে এসে পায়ে ব্যথা? ঘরোয়া যত্নেই মিলবে আরাম

কে এই সাহসী কূটনীতিক, যিনি এক রাতে সংবাদ শিরোনামে উঠে এলেন? পেটাল গহলৌত ২০২৩ সালের জুলাই থেকে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধিদলের ফার্স্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। এর আগে তিনি বিদেশ মন্ত্রকের আন্ডার সেক্রেটারি ছিলেন এবং ফ্রান্সের প্যারিস ও যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসেও কাজ করেছেন। দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে রাজনৈতিক বিজ্ঞানে স্নাতকোত্তর করে তিনি উচ্চশিক্ষা নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মিডলব্যরো ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে। দপ্তরের কাজের বাইরে গান আর গিটার বাজানো তাঁর নেশা। সমাজমাধ্যমে মাঝে মাঝেই নিজের সঙ্গীতচর্চা ভাগ করে নেন তিনি। ফলে রাষ্ট্রপুঞ্জে তাঁর অবস্থান কেবল কূটনৈতিক কণ্ঠস্বর হিসেবেই নয়, বরং ব্যক্তিত্বের দিক থেকেও নজর কাড়ছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles