চীনা খেলনার বাজার দখলের লক্ষ্যে মোদী! বিশ্ব বাজারে অংশীদারিত্ব বাড়াতে টিম আপ ফর টয়েজ-এর ভাবনা তাঁর!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) স্বপ্নের আত্মনির্ভর ভারত (Atmanirbhar Bharat) গড়ার লক্ষ্যে এগোচ্ছে দেশ। মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে খেলনা উৎপাদনে আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিলেন মোদী। মন কি বাত(Mann ki Baat) অনুষ্ঠানে দেশীয় খেলনা উৎপাদনে জোর দিয়ে তিনি জানালেন, খেলনা নিয়ে আত্মনির্ভর হওয়ার গুরুত্বও।

আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন করোনা পরিস্থিতিতে শিশুদের সম্পূর্ণ বিকাশ নিয়েও আলোচনা হয়েছে। খেলনা হল শিশুমনের বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। আর তাই শিশুদের হাতে নিত্যনতুন খেলনা তুলে দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা হচ্ছে। অসম্পূর্ণ খেলনা নিয়ে শিশুরা খেলে তা সম্পূর্ণ করে। এরপর‌ই প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, খেলনা উৎপাদনে কীভাবে আত্মনির্ভর হবে ভারত? তার খোঁজ করা এই মুহূর্তে প্রয়োজনীয়। এই প্রসঙ্গে, তিনি ভারতকে খেলনা উৎপাদনের আঁতুড়ঘরে পরিণত করার ডাক দেন। খেলনা তৈরিতে শিল্পমহলকে আহ্বান‌ও জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘প্রকৃতির কথা মাথায় রেখে তৈরি করতে হবে খেলনা। খেলনা শিল্পেও আত্মনির্ভর ভারত গড়তে হবে।’

এক‌ই সঙ্গে নিজের কথায় নরেন্দ্র মোদী বলেন, ‘খেলনার বিষয়ে জাতীয় শিক্ষানীতিতে জোর দেওয়া হয়েছে। খেলনার মাধ্যমে শিক্ষার বিষয়ে আলোচনা চলছে। তিনি জানান, বিশ্বে খেলনার বাজার ৭ লক্ষ কোটি টাকার। কিন্তু তাতে ভারতের অংশীদারিত্ব খুবই কম। বলেন, এখন সময় এসেছে “টিম আপ ফর টয়েজ” (Team Up For Toy’s) প্রকল্প শুরু করার। এটা অনেকটাই আমাদের “ভোকাল ফর লোকাল”(Vocal For Local)-এর সঙ্গে মানানসই।

পাশাপাশি, শিশুদের পুষ্টি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, ‘শিশুদের বেড়ে ওঠায় পুষ্টির গুরুত্ব অপরিসীম। সেপ্টেম্বর জুড়ে পুষ্টি-মাস পালন করা হবে। ফসলের পুষ্টিগুণ বিচারে ভারতীয় কৃষিকোষ তৈরি হচ্ছে।’ এপ্রসঙ্গেই তিনি যোগ করেন, আমাদের দেশে এবার খরিফ শষ্যের ফলন ভাল।’

RELATED Articles

Leave a Comment