অমরনাথ যাত্রায় বড়সড় নাশকতার ছক! ভারতীয় সেনার সাহায্যে কাশ্মীর পাক আউটপোস্টের কাছে হদিশ মিলল গোপন সুড়ঙ্গের, নজরে পাকিস্তান

ফের সীমান্তের কাছে ভারতে অনুপ্রবেশের পাকিস্তানের পরিকল্পনা ভেস্তে দিল ভারতীয় সেনা। জম্মুর সাম্বায় আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকায় একটি গোপন সুড়ঙ্গের হদিশ মিলল। জঙ্গিরা পাকিস্তান থেকে ভারতে ঢোকার জন্য এই সুড়ঙ্গটি ব্যবহার করত বলেই জানায় কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনী।

সীমান্ত লাগোয়া সাম্বা সেক্টর দিয়ে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা নতুন নয়। পাক জঙ্গিরা এই সাম্বা সেক্টরকেই ব্যবহার করে ভারতে প্রবেশের পথ হিসাবে। প্রতিকূল পরিবেশে সেনার নজর এড়িয়ে ভারতীয় ভুখণ্ডে প্রবেশ করার কাজে পাক জঙ্গিদের মদত দেয় পাক সেনারাই। আর এই কাজে অনেক সময়ই জেহাদিরা ব্যবহার করে এমন সুড়ঙ্গ পথ।

তাৎপর্যপূর্ণভাবে, আজ, বৃহস্পতিবার ভারতীয় সেনা যে সুড়ঙ্গটির হদিশ পেয়েছে সেটি ঠিক পাক সেনার আউটপোস্টের উলটোদিকে অবস্থিত। ভারতীয় নিরাপত্তা আধিকারিকদের মতে, জঙ্গিরা পাক সেনার মদতেই এই সুড়ঙ্গ দিয়ে সীমান্তের এপারে ঢুকে পড়ত।

কিছুদিন আগেই কাশ্মীরের সুঞ্জওয়ানে সিআরপিএফ বাসে হামলা চালায় জঙ্গিরা। এতে শহিদ হন ৪ জন জওয়ান। এই ঘটনার পর থেকেই আন্তর্জাতিক সীমান্তে কড়া তল্লাশি চালাতে শুরু করে সেনারা। আর এরপরই খোঁজ মিলল এই গোপন সুড়ঙ্গের।

গত দেড় বছরে এই সাম্বা সেক্টরে মোট ৫টি সুড়ঙ্গের খোঁজ মিলেছে বলে খবর। ভারতীয় সেনা জানিয়েছে যে সুড়ঙ্গটি মিলেছে তা প্রায় ২ ফুট চওড়া ও ১৫০ মিটার লম্বা। সুড়ঙ্গের ভিতর থেকে উদ্ধার হয়েছে একাধিক বালি ভর্তি বস্তা। অমরনাথ যাত্রায় হামলা চালানোর উদ্দেশ্যেই এই সুড়ঙ্গটি করা হয়েছিল বলে মনে করা হচ্ছে।

মনে করা হচ্ছিল যে পাকিস্তানের নতুন সরকার হয়ত ইমরান খানের মতো প্রবল ভারত বিরোধী অবস্থান নেবে না। শপথ নেওয়ার সময়ও সন্ত্রাসের রাস্তা ছেড়ে আলোচনার বার্তা দেন নতুন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় এটা প্রমাণিত যে পাকিস্তান সন্ত্রাসের রাস্তা ছাড়ার পাত্র নয়। মুখে যতই তারা আলোচনার বার্তা দিক না কেন, পিছনে থেকে ঠিকই নাশকতার রাস্তাই নেবে তারা।

RELATED Articles