ভয়ানক! টিকিট নিয়ে বচসার জেরে চলন্ত ট্রেন থেকে ধাক্কা টিকিট পরীক্ষকের, দুর্ঘটনায় পা খোয়ালেন ভারতীয় সেনা

টিকিট পরীক্ষকের সঙ্গে ট্রেনের মধ্যে বচসা। টিকিট পরীক্ষকের ধাক্কায় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে পা খোয়ালেন ভারতীয় সেনাবাহিনীর এক সেনা। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। তবে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। পা খোয়ানো ওই সেনার নাম সোনু। অভিযুক্ত টিকিট পরীক্ষকের নাম সুপন বোর। ঘটনাটি ঘটেছে গতকাল, বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বরেলিতে।

সেনা সূত্রে খবর, ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস থেকে ধাক্কা দেওয়া হয় সোনুকে। প্রত্যক্ষদর্শীদের দাবী, টিকিট নিয়ে টিকিট পরীক্ষক সুপনের সঙ্গে বচসায় জড়ান সোনু। দু’পক্ষের বাদানুবাদ ক্রমেই বাড়তে থাকে। উত্তপ্ত হয় পরিস্থিতি।

অভিযোগ, এরপরই সোনুকে উত্তরপ্রদেশের বরেলী স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেন টিকিট পরীক্ষক সুপন। ট্রেন থেকে পড়ার পর সোনুর একটি পা ট্রেনের তলায় চলে যায়। তাঁকে তড়িঘড়ি একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, এই ঘটনার পর ট্রেনের কয়েক জন যাত্রী ওই টিকিট পরীক্ষককে মারধর করেন।

ওই টিকিট পরীক্ষকের বিরুদ্ধে ইতিমধ্যেই খুনের চেষ্টা করার অভিযোগ মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পর থেকেই পলাতক ওই টিকিট পরীক্ষক।

এই ঘটনা প্রসঙ্গে উত্তর রেলওয়ের মোরাদাবাদ বিভাগের সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার সুধীর সিংহ জানিয়েছেন, “আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি। খুব শীঘ্রই আমাদের তরফে ব্যবস্থা নেওয়া হবে”।

RELATED Articles