চরম বিপদেও ভুললেন না পোষ্যদের, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফেরার সময় পোষ্যদেরও নিয়ে এলেন ভারতীয়রা, আবেগপ্রবণ এক মুহূর্ত

যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে ফেরার সময় কেউ সঙ্গে করে নিয়ে এলেন বন্ধুর পোষ্যকে, কেউ আবার নিয়ে এলেন নিজের বিড়ালকে। আজ, বৃহস্পতিবার সকালে গাজিয়াবাদের হিন্দন বায়ুঘাঁটিতে এমনই আবেগপ্রবণ দৃশ্য চোখে পড়ল। ইউক্রেন থেকে পোষ্যদেরও ফেরানোর অনুমতি দেওয়ায় কেন্দ্রকে ধন্যবাদ জানিয়েছে পেটা-ও।

আজ, বৃহস্পতিবার সকালে পোল্যান্ড থেকে ভারতীয় বায়ুসেনার সি-১৭ বিমান অবতরণ করে। এতে ২০৮ জন ভারতীয় ছিলেন। এরা সকলে ইউক্রেনে আটকে ছিলেন। ভারতীয়দের সঙ্গে ছিলেন তাঁদের ইউক্রেনের ‘বন্ধুরাও’। তাদেরও বিমানে ওঠার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। বায়ুসেনার বিমানে চেপেই ভারতে এসেছে তারা। দীর্ঘক্ষণ তারা বিমানেই ছিল।

এমনই এক হাস্কি কুকুরকে নিয়ে দেশে ফেরেন ভারতীয় পড়ুয়া জাহিদ। হিন্দনে নেমে সেই কুকুরটিকে রীতিমতো লাফাতে দেখা যায়। তাকে সামলাতে বেশ হিমশিম খেতে হয় জাহিদকে। বন্ধুর পোষ্যকে আনতে পেরে বেশ খুশি তিনি।

জাহিদ বলেন, “ইউক্রেন থেকে আমার বন্ধুর কুকুরকে নিয়ে এসেছি। যাঁদের কুকুর আছে, তাঁদের অনেকেই ইউক্রেনে পোষ্যকে ছেড়ে এসেছেন। তবে ওকে আমার সঙ্গে নিয়ে এসেছে”।

জাহিদের সঙ্গে একই বায়ুসেনার বিমানে এসেছেন গৌতম। তিনি কিয়েভে থাকতেন। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে তিনিও নিজের চারপেয়ে পোষ্যকে নিয়ে এসেছেন। তাঁর হাতের বাক্সে ছিল তাঁর সেই বিড়াল।

গৌতমের কথায়, “গত চার মাস ধরে আমার সঙ্গে ও। আমার সঙ্গে বাঙ্কারে ছিল। তারপর আমরা একসঙ্গে পোল্যান্ডে প্রবেশ করেছিলাম”।

ভিডিও সৌজন্যেঃ এইচটি বাংলা

 

RELATED Articles