জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার আগেই গৃহবন্দী করা হয়েছিল জম্মু কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আব্দুল্লাহকে৷ গত সপ্তাহ থেকেই শ্রীনগরের হরি নিবাস গেস্ট হাউসে গৃহবন্দী করা হয় তাদের। কিন্তু এরপরই শুরু হয় নতুন নাটক৷
ওমর এবং মুফতির নজরদারি কার্যে নিযুক্ত আধিকারিক জানান যে, কাশ্মীরে কে বিজেপি-কে নিয়ে এসেছে তা নিয়ে নিত্য বচসা শুরু হয় দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর মধ্যে। মুখোমুখি বিবাদে এতোটাই চিৎকার চেচাঁমেচি শুরু হয়েছিল যে, তার জেরে সেখানকার দায়িত্বে থাকা কর্মীদের টেকা দায় হয়ে দাঁড়িয়েছিল। এমনকি বাইরে থাকা গেটের নিরাপত্তারক্ষীদের কানেও গিয়ে পৌঁছাতো সেই কোন্দলের আওয়াজ৷ তাই শেষে টিকতে না পেরে প্রশাসনের তরফে ওমর আবদুল্লাহকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়৷
ওমর আবদুল্লাহ একদিকে যেমন প্রয়াত মুফতি মহম্মদ-কে নিসে মেহেবুবা মুফতিকে বিঁধতেন তেমনি অপরদিকে মুফতিও বলেতেন যে কাশ্মীরে বিজেপিকে নিয়ে এসেছেন ফারুক আবদুল্লাহ-ই। কিছুদিন আগে টুইটারেও তিন তালাক নিয়ে ঝামেলায় জড়িয়েছিলেন কাশ্মীরের এই দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ আপাতত মেহেবুবা মুফতি থাকছেন হরি নিবাসেই। কিন্তু ওমরের এখন থেকে নয়া ঠিকানা হলো চেসমাসাইয়ের বন দফতরের বাংলো৷






