কৃষক আন্দোলন নিয়ে গোটা দেশ এখন উত্তাল। এই আন্দোলনের আঁচ শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে। কৃষক আন্দোলন নিয়ে পপ তারকা রিহানা, আমেরিকার সমাজকর্মী গ্রেটা থুনবার্গের মন্তব্যের পর এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন নানান ভারতীয় মহল। ভারতের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে বিদেশীরা কেন কোনও মন্তব্য করবেন, এই নিয়ে গতকাল একের পর এক টুইট করতে থাকেন কঙ্গনা রানাওয়াত। এরপর এই বিষয় নিয়ে মুখ খোলেন শচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, অনিল কুম্বলেরা। সকলেরই এক মত যে বিদেশী প্রচারণায় কান না দিয়ে ভারতীয়দের ঐক্যবদ্ধ থাকতে হবে।
এই বিষয় নিয়ে ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা টুইট করে লেখেন যে কৃষক আন্দোলন নিয়ে যা শুরু হয়েছে, তা সমাধান করা প্রয়োজন। কৃষকেরা দেশের গুরুত্বপূর্ণ অংশ। ভারতীয়রা নিজেরাই এই সমস্যার সমাধান করতে পারবেন বলে জানান রোহিত। এরপরই তাঁকে কটাক্ষ করে টুইট করেন কঙ্গনা। তাঁর কথায়, কৃষকদের উন্নতির জন্য নিয়ে আসা আইনের বিরুদ্ধে কৃষকেরা কেন বিদ্রোহ করবেন? যারা এইসব গণ্ডগোল পাকাচ্ছেন, তারা কেউ কৃষক নন, তারা ‘জঙ্গি’। রোহিতকে তোপ দেগে তিনি বলেন যে সত্যি কথা আপনাদের এত ভয় কেন?

গতকাল রিহানার টুইটের পর বিদেশী প্রচারণার বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও ঐক্যবদ্ধ হতে ভারতীয়দের ডাক দিয়েছেন বলিউডের নানান তারকারাও। অক্ষয় কুমার, অজয় দেবগণ, করণ জোহর, সুনীল শেট্টি, একতা কাপুর সকলেই টুইটে নিজেদের বক্তব্য রাখেন। এমনকি, বিদেশী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরও।
অন্যদিকে, রিহানা, গ্রেটার টুইটের পর তাদের সমর্থন জানিয়ে পোস্ট করেন দিলজিৎ দোসাঞ্জ, রিচা চাড্ডা, শিবানী দান্ডেকর, স্বরা ভাস্কর। এমনকি, রিহানার টুইটের পর তাঁকে নিয়ে গানও বেঁধে ফেলেন দিলজিৎ। সেই গান প্রকাশ্যে আসতেই তাঁর বিরুদ্ধে ফের তোপ দাগেন কঙ্গনা। এরপর কঙ্গনা ও দিলজিৎ-এর মধ্যে ফের শুরু হয় টুইট যুদ্ধ।





