লকডাউনে বন্ধ মদের বিক্রি, লোকে মদ না খাওয়ায় মাইনে দিতে সমস্যায় পড়েছেন কর্নাটকের আবগারি মন্ত্রী।

করোনা আবহে ভারতের অর্থনীতি ধুঁকছে বললেই চলে। গোটা বিশ্বকেই চরম আর্থিক সঙ্কটে ফেলেছে এই ছোট্ট ভাইরাসটি। বর্তমানে দেশের পরিস্থিতি এমন, যে কর্মীদের বেতন দেওয়ার টাকা টুকুও সরকারি দফতরগুলির ভাঁড়ারে নেই। যেমন কর্নাটকের আবগারি মন্ত্রী এইচ নাগেশ তো সরাসরি মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে অনুরোধ করেছেন, লকডাউন কিছুটা হলেও শিথিল করতে, যাতে লোকে মদ কেনাকাটা করতে পারেন, কর্মীদের মাইনে দেওয়া যায়, জোগানো যায় অন্যান্য খরচ।

২৫শে মার্চ লকডাউন চালু হওয়ায় গোটা দেশে এখনও পর্যন্ত বন্ধ রয়েছে মদ বিক্রি। প্রতি মাসে ১৮০০ কোটি টাকা করে লোকসান হচ্ছে কর্নাটক সরকারের। আবগারি মন্ত্রী নাগেশ চিন্তায় পড়েছেন, এই অবস্থায় কর্মীদের মাইনের ব্যবস্থাও করতে পারবেন না। তাই তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অনুরোধ করেছেন, ৩রা মে’র পর একটু হলেও কড়াকড়ি শিথিল করা হোক। জবাবে ইয়েদুরাপ্পা বলেছেন, পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। নাগেশ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কিছু ব্যবস্থা নেবেন বলে আশায় আছেন তিনি।

৩ তারিখ শেষ হতে চলেছে এই দ্বিতীয় দফার লকডাউন। অনেকেই আশা করছেন, তারপর স্বাভাবিক হবে পরিস্থিতি। যদিও বেশিরভাগের ধারণা, লকডাউন এখনই পুরোপুরি উঠে যাওয়ার কোনও সম্ভাবনা নেই, কারণ করোনার প্রকোপ একটুও কমেনি। উল্টে লকডাউন বাড়ার সম্ভাবনাই অনেক বেশি।

RELATED Articles

Leave a Comment