কেরল পুলিশের স্টুডেন্ট ক্যাডেটে হিজাব পরা যাবে না, মুসলিম ছাত্রীকে নির্দেশ বামশাসিত কেরল সরকারের

স্টুডেন্ট পুলিশ ক্যাডেটে হিজাব বা ফুল স্লিভ পোশাক পরা যাবে না। মুসলিম ছাত্রীকে নির্দেশ দিল কেরল সরকার। স্টুডেন্ট পুলিশ ক্যাডেট কেরালা পুলিশের একটি উদ্যোগ। সে রাজ্যের সরকারের সহায়তায় কেরল হাই স্কুলের আগামীদিনের পড়ুয়াদের মধ্যে নাগরিক বোধ, আইন, শৃঙ্খলা, সমাজের বিপন্ন অংশের প্রতি সমব্যথী হওয়া, সামাজিক কুপ্রথার বিরুদ্ধে প্রতিবাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা যায়, অষ্টম শ্রেণীর এক মুসলিম ছাত্রী রিজা নাহান কেরালা হাইকোর্টে অভিযোগ জানায় যে ফুল স্লিভ ইউনিফর্ম ও হিজাব পরে থাকার কারণে তাঁকে প্যারেডে অংশ নিতে দেওয়া হয়নি। সে জানায় যে ফুল স্লিভ পোশাক ও হিজাব পরা তাঁর নৈতিক অধিকার। কিন্তু তাও তাঁকে প্যারেড থেকে বাদ পড়তে হয়েছে। ওই ছাত্রী আবেদন করে যাতে তাঁকে স্টুডেন্ট পুলিশ ক্যাডেটে হিজাব ও ফুল স্লিভ পোশাক পরার অনুমতি দেওয়া হয়।

এই বিষয়ে রাজ্যের মতামত আদতে কী, তা জানতে চায় আদালত। এরপর কেরলের স্বরাষ্ট্র দফতরের তরফে এই বিষয়ে বলা হয় যে ওই মুসলিম ছাত্রীর আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করার পর রাজ্য সরকার নিশ্চিত যে ওই ছাত্রীর এই আবেদন গ্রহণযোগ্য নয়।

স্বরাষ্ট্র দফতরের কথা অনুযায়ী, এই মুসলিম ছাত্রীকে স্টুডেন্ট পুলিশ ক্যাডেটে এই ছাড় দেওয়া হলে, অন্য ধর্মের পড়ুয়ারাও নিজেদের নানান দাবী করবে। এর জেরে রাজ্যে ধর্মনিরপেক্ষতা নষ্ট হবে। তাই স্টুডেন্ট পুলিশ ক্যাডেটে কোনও এক বিশেষ ধর্মের পোশাককে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত কোনওভাবেই করা যাবে না।

স্বরাষ্ট্র দফতরের তরফে এও বলা হয় যে পুলিশ ক্যাডেটে যোগ দেওয়া পড়ুয়াদের জন্য বাধ্যতামূলক নয়। কিন্তু কোনও পোশাককে আলাদা করে গুরুত্ব দিলে প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে।

RELATED Articles