কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম এক জঙ্গি, আখাল ফরেস্ট এলাকায় চলছে তল্লাশি

কাশ্মীরের কুলগাম জেলায় আবার উত্তপ্ত পরিস্থিতি। শুক্রবার আখাল ফরেস্ট এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গি ধরতে অভিযান চালাতে যায় নিরাপত্তাবাহিনী। কিন্তু তল্লাশির মাঝেই আচমকা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। সেই গুলির লড়াইয়ে এক জঙ্গি খতম হয়েছে বলে শনিবার সকালে জানিয়েছে সেনা। তবে এখানেই শেষ নয়—আখাল ফরেস্ট এলাকায় এখনও চলছে চিরুনি তল্লাশি।

এই ঘটনা এমন এক সময় ঘটল, যখন কাশ্মীর জুড়ে জঙ্গি তৎপরতা নিয়ে ব্যাপক কড়াকড়ি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। কিছুদিন আগেই পহেলগামে পর্যটকদের উপর হামলায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছিল। পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে গুলি চালিয়েছিল একদল জঙ্গি। সেই ঘটনার পরই সেনা শুরু করে ‘অপারেশন মহাদেব’।

এই অভিযানে দাচিগাম ন্যাশনাল পার্কের কাছে হারওয়ানে তিন জঙ্গিকে নিকেশ করা হয়—সুলেমান ওরফে আসিফ, জিবরান আর হামজা আফগানি। জানা গিয়েছে, পহেলগামের হামলার মূল চক্রী ছিল আসিফ। অন্যদিকে, সোনমার্গ টানেলের হামলাতেও নাম জড়িয়েছিল জিবরানের।

এছাড়াও, গত বৃহস্পতিবার পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে গুলি চালিয়ে সেনা খতম করে আরও দুই জঙ্গিকে, যারা পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিল।

আরও পড়ুনঃ দমদম বিমানবন্দরে হুলস্থুল কাণ্ড! কাচ ভেঙে পালাতে গিয়ে ধরা পড়ল বাংলাদেশি যুবক

সব মিলিয়ে, সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ এবং উপত্যকায় হামলার ছক একের পর এক ব্যর্থ করে দিচ্ছে সেনা। তবে পরিস্থিতি এখনও বেশ টানটান, আর আখাল ফরেস্টে এখনও জারি রয়েছে সেনার তল্লাশি অভিযান।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles