লাদাখে প্রথম ভোটে বিজেপির (BJP) সামনে এক প্রকার মুখ থুবড়ে পড়ল কংগ্রেস (Congress) সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। মোট ২৬ টি আসনের মধ্যে ১৫ টি তে জয়লাভ করলো বিজেপি। ৯টি আসনে জিতেছে কংগ্রেস এবং বাকি দুটি আসনে নির্দল প্রার্থী। কেন্দ্র শাসিত লাদাখে আজ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন কাউন্সিল (LAHDC) লেহ এর নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, লাদাখ কেন্দ্র শাসিত রাজ্য হওয়ার পর প্রথমবারের মতো সেখানে নির্বাচন হল। প্রথমে অনেক দলই এই নির্বাচন বহিস্কার করেছিল, কিন্তু এক প্রতিনিধি মন্ডল স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নির্বাচন সম্পন্ন করার কথা বলেন।স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন কাউন্সিলের এই নির্বাচনে প্রথমবার EVM ম্যাশিনের ব্যবহার হয়। এই মাসের ২৩ তারিখ ভোট গ্রহণ হয়েছিল।
৫৪ হাজারেরও বেশি মানুষ এই নির্বাচনে নিজেদের অধিকার প্রয়োগ করেছেন। তাৎপর্যপূর্ণ ভাবে বিজেপি এবং কংগ্রেস সমস্ত ২৬ টি আসনেই প্রার্থী দিয়েছিল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টি (Aam Aadami Party) ১৯ টি আসনে প্রার্থী দিয়েছিল। সেই সঙ্গে ছিলেন ২৩ জন নির্দলীয় প্রার্থীও। আর এই প্রথম নির্বাচনেই বড় জয় পেল বিজেপি।






