কৃষি বিল নিয়ে বাড়ছে পারদ, বিলে স্বাক্ষর না করার আবেদন করে রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন বিরোধীরা

কৃষি বিলকে কেন্দ্র করে ক্রমশই উদ্বেগ বাড়ছে রাজধানীতে। রাজ্যসভার অধিবেশন বয়কটের পর এবার রাষ্ট্রপতির কাছে দরবার করেন বিরোধীপক্ষ। উদ্দেশ্য, ওই বিলে স্বাক্ষর না করার আবেদন। এরপর, একের পর এক রাজ্য ও জেলাস্তরে এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার কথাও ভাবছেন তারা।

বুধবার বিকেল পাঁচটায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ। এরপর সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপতিকে জানিয়েছি, রাজ্যসভায় আইন মোতাবেক এই বিল পাস করানো হয়নি। সরকার অগণতান্ত্রিক পদ্ধতিতে সাংসদে কৃষি বিল পাস করিয়েছে। গণতন্ত্রের মন্দিরে সংবিধানকে খাটো করা হয়েছে। আপনি দয়া করে বিচার করে ওই বিল ফেরত পাঠান যাতে সংসদে ফের আলোচনার মাধ্যমে সংশোধনীগুলি আনা সম্ভব হয়”।

এই বিলের বিরুদ্ধে গতকাল সংসদের সামনে বিক্ষোভ দেখায় বিরোধীরা। রাজ্যসভার প্রায় ১৫টি দলের ৭৫ জন সাংসদ পোস্টার হাতে সারিবদ্ধভাবে গান্ধীমূর্তির পাদদেশ থেকে শুরু করে অম্বেদকরের মূর্তি ঘুরে আবার ফিরে আসেন। পোস্টারে নিজ নিজ মাতৃভাষায় সংবাদমাধ্যমকে নিজেদের বক্তব্য জানান তারা। গুলাম নবি বলেন, সরকার সিলেক্ট কমিটি বা স্ট্যান্ডিং কমিটিতে বিলটি পাঠায়নি ফলে রাজ্যসভায় বিক্ষোভের দায় সরকারের, বিরোধীদের নয়।

প্রসঙ্গত, কৃষি বিলের বিরোধিতা করে গত মঙ্গলবারই রাজ্যসভা বয়কট করেন ধর্নায় বসেন বিরোধী সংসদরা। বিলের বিরোধিতা করতে গিয়ে বাড়াবাড়ি করে ফেলায় গত সোমবার রাজ্যসভা থেকে বহিষ্কৃত হন মোট ৮ জন সংসদ। তাদের এই সাসপেনশন এখনও অবধি তুলে নেওয়া হয়নি রাজ্যসভার চেয়ারম্যানের পক্ষ থেকে। যার জেরে বয়কট করা হয় রাজ্যসভা। এবার এই বিষয় নিয়ে আরও একদফা পদক্ষেপ নিল বিরোধীরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment