লকডাউনে নিম্নমুখী ভারতীয় অর্থনীতির হাল ধরেছিলেন সুরাপ্রেমীরা। বেশি দাম দিয়ে কিনতে হলেও আপত্তি ছিল না তাঁদের। তবে মদের উপর যে ‘বিশেষ করোনাভাইরাস ফি’ চাপানো হয়েছিল, তা এবার তুলে নিতে চলেছে দিল্লি সরকার। আগামী ১০ জুন থেকে এই নয়া নিয়ম কার্যকর হবে। খবর নিশ্চিত করেছে সংবাদসংস্থা পিটিআই।
এক আধিকারিক জানিয়েছেন, ‘বিশেষ করোনাভাইরাস ফি’ (৭০ শতাংশ) তুলে নেওয়া হলেও সব ধরনের মদের উপর ভ্যাট ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। তবে তাতেও রাজধানীতে একধাক্কায় অনেকটাই কমে যাবে মদের দাম।
উল্লেখ্য, লকডাউনের অনেকটা সময়ই দেশজুড়ে বন্ধ ছিল মদ বিক্রি। তার ফলে সরকারের আয় হুড়মুড়িয়ে কমছিল। সেই পরিস্থিতিতে তৃতীয় দফার লকডাউনের প্রথম দিন অর্থাৎ ৪ই মে থেকে মদ বিক্রির ছাড়পত্র দেয় কেন্দ্র। সেদিন রাতেই দিল্লি সরকার জানায়, মদের দামের উপর বাড়তি ৭০ শতাংশ ‘বিশেষ করোনা ফি’ চাপানো হচ্ছে। তার জেরে একলাফে মদের দাম বাড়লেও সুরাপ্রেমীদের আটকানো যায়নি। দোকানের ঝাঁপ খোলার আগে থেকেই লাইনে অপেক্ষা করতে থাকেন। তাঁদের মদ প্রেমের সামনে পর্যদুস্ত হয় বাড়তি দামও।
আর সেই সৌজন্যে ফুলে ওঠে দিল্লির কোষাগার! প্রশাসনের হিসেব বলছে, মদ বিক্রির ফলে ৪ই মে থেকে ২৫শে মে’র মধ্যে তাদের কোষাগারে ২২৭.৪৪ কোটি টাকা ঢুকেছে। তার মধ্যে ১২৭ কোটি টাকা বিশেষ করোনা ফি। তা সত্ত্বেও অবশ্য গত বছরের তুলনায় এবার সরকারের আয় অনেকটাই কম হয়েছে। গত বছর মে’মাসে দিল্লি সরকারের আবগারি আয় হয়েছিল ৪২৫.২৪ কোটি টাকা।





