সুরাপ্রেমীদের জন্য সুখবর! এবার মদের দামে মিলবে বিপুল ছাড়, মানতে হবে শুধুমাত্র এই একটি শর্ত

কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে কমেছে বিলিতি মদের দাম। আর এবার মদের দামে ছাড় দেওয়া হল মধ্যপ্রদেশে। তবে এর জন্য গ্রাহকদের মেনে চলতে হবে একটি শর্ত।

জানা গিয়েছে, করোনা ভাইরাস টিকার দুটি ডোজ নেওয়া থাকলেই এবার মদের দামের উপর মিলবে ১০ শতাংশ ছাড়। অর্থাৎ করোনা টিকার দুটি ডোজ নেওয়ার শংসাপত্র দেখালেই মিলবে এই ছাড়।  মধ্যপ্রদেশের মন্দসৌর জেলার মদের দোকানগুলিতে এমনটাই ব্যবস্থা করা হচ্ছে। আজ, বুধবার থেকেই দেশীয় মদের উপর এই ১০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা করল তারা।

কিন্তু এই পদক্ষেপের সমালোচনা করা হয়েছে বিজেপির এক বিধায়কের তরফে। তাঁর কথায়, এমন ব্যবস্থার জেরে মানুষ মদ খেতে আরও বেশি উৎসাহিত হবে। এদিকে জানা যাচ্ছে, আরও বিপুল সংখ্যক মানুষকে যাতে করোনা ভাইরাসের টিকার কর্মসূচির অধীনে আনা যায়, এই কারণেই এমন ব্যবস্থা করা হয়েছে।

মধ্যপ্রদেশের মান্দসৌরের আবগারি আধিকারিক সংবাদসংস্থা এএনআইকে জানায়, “আগামীকাল থেকে করোনাভাইরাস টিকার সবকটি ডোজ নেওয়ার শংসাপত্র দেখালে মান্দসৌর শহরের তিনটি দোকান ১০ শতাংশ ছাড় দেবে”। অন্যদিকে, জেলা প্রশাসনের আশা, সেই উদ্যোগের ফলে সুরাপ্রেমীদের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা বাড়বে।

তবে মন্দসৌরের বিজেপি বিধায়ক যশপাল সিং সিসোদিয়া এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। টুইটে তিনি লিখেছেন, “এমন পদক্ষেপ সঠিক নয়। এটি রাজ্য সরকারের নেওয়া সিদ্ধান্ত নয় এবং এটি মানুষকে মদ খাওয়ার জন্য উৎসাহিত করবে”।

RELATED Articles