গতকাল, বৃহস্পতিবারই উত্তরপ্রদেশের যোগী সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার থেকে মাদ্রাসায় ক্লাস শুরুর আগে গাইতে হবে ‘জনগণমন’। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ খোদ একথা জানান। এবার সেই একই ভাবনা ভাব্ল অন্য এক বিজেপিশাসিত রাজ্য মধ্যপ্রদেশ।
আজ, শুক্রবার সেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা সরকারি মুখপাত্র নরোত্তম মিশ্র জানান, “শুধু ধর্মীয় স্থানেই নয়, জাতীয় সংগীত সব জায়গাতেই গাওয়া উচিত”। তবে এই বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে। আলোচনা শেষেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে মধ্যপ্রদেশে মাদ্রাসায় ক্লাস শুরুর আগে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক হবে কী না!
ইতিমধ্যেই, উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের তরফে ক্লাস শুরু আগে ‘জনগণমন’ গাওয়া আবশ্যিক করা হয়েছে। এই বিষয় নিয়ে বেশ প্রশংসা করেন নরোত্তম মিশ্র। বলেন, “এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। আমরাও ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা করব”।
যোগী মন্ত্রিসভার সদস্য দানিশ আজাদ আনসারি এই নতুন নিয়মের কথা গতকাল ঘোষণা করেছিলেন। তিনি রাজ্য সরকারের মুসলিম মুখ ও সংখ্যালঘু দফতরের রাষ্ট্রমন্ত্রী। তিনি জানান যে গত ২৪শে মার্চ উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৈঠকে এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নতুন এই নিয়মে সব মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের অবশ্যই ক্লাস শুরুর আগে ‘জনগণমন’ গাইতে হবে বলে নির্দেশ দেওয়া হয়।
উত্তরপ্রদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আগেই বলেছিলেন, “সব স্কুলেই জাতীয় সংগীত গাইতে হয়। মাদ্রাসার পড়ুয়াদের মধ্যেও দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে চাই আমরা। ওরা যাতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আমাদের ইতিহাস, সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়, সে জন্যই আসন্ন শিক্ষাবর্ষ থেকে তা বাধ্যতামূলক করা হচ্ছে”।





