‘কালী’ তথ্যচিত্রের বিতর্কিত পোস্টার নিয়ে বিতর্ক উত্তরোত্তর বেড়েই চলেছে। এবার ওই তথ্যচিত্রের পরিচালক লীনা মানিমেকালাইয়ের মুণ্ডচ্ছেদের হুমকি দিলেন অযোধ্যার এক মহন্ত। হুঁশিয়ারি শানিয়ে তিনি বলেন যে লীনা মানিমেকালাই ও এই তথ্যচিত্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নিলে এর ফল মারাত্মক হবে।
প্রসঙ্গত, গত শনিবার একটি পোস্টার টুইট করে পরিচালক লীনা মানিমেকালাই। এই পোস্টারে মা কালীর বেশে এক মহিলাকে দেখা যাচ্ছে। ধূমপান করতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর হাতে ধরা LGBTQ+-এর একটি পতাকা। এই পোস্টারকে নিয়েই ছড়ায় ব্যাপক বিতর্ক।
নেটিজেনদের একাংশের অভিযোগ, ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন লীনা মানিমেকালাই। অবিলম্বে ওই পোস্টার বাতিলের দাবী জানানো হয় সোশ্যাল মিডিয়ায়। এমনকী পরিচালককে গ্রেফতারির দাবীও তুলেছেন অনেকেই। ‘গও মহাসভা’র নেতা অজয় গৌতম ওই ছবি এবং পোস্টারের বিরুদ্ধে দিল্লি পুলিশে অভিযোগ জানান।

এমন পরিস্থিতিতেই লীনা মানিমেকালাইয়ের মুণ্ডচ্ছেদের হুমকি দিয়েছেন অযোধ্যার হনুমান গঢ়ি মন্দিরের মহন্ত রাজু দাস। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ‘কালী’ তথ্যচিত্রকে নিষিদ্ধ করার দাবী জানিয়েছেন তিনি। পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবীও তোলেন ওই মহন্ত।
এরপরই বিজেপি বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নূপুর শর্মা উচিত কথা বলায় গোটা দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। গোটা বিশ্বে যেন ভূমিকম্প হয়েছে। আর এখানে আপনি (লীনা মানিমেকালাই) সনাতন ধর্ম-সংস্কৃতি নিয়ে মশকরা করবেন? কী চান? আপনারও মাথা শরীর থেকে আলাদা হয়ে যাক! এই ইচ্ছে হয়েছে নাকি”?
ওই মহন্তের দাবী, এমনটা একেবারেই চলবে না। এই তথ্যচিত্রটি নিষিদ্ধ করার দাবী তুলেছেন তিনি। তিনি এও জানান যে এই তথ্যচিত্র যদি প্রকাশিত হয়, তাহলে এর পরিণাম মারাত্মক হবে। বলে রাখি, এই তথ্যচিত্রটি ইতিমধ্যেই কানাডা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।





