কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ সরকার মদের উপর আবগারি শুল্কের হার কমানোর জেরে অনেকটাই কমেছিল মদের দাম। এবার সেই একই পথে হাঁটল মুম্বইও। আমদানিকৃত মদের উপর শুল্ক কমাচ্ছে রাজ্য সরকার, এই কারণে সস্তা হচ্ছে মদের দাম। আমদানি করা মদের উপর বিশেষ শুল্ক কমিয়ে অর্ধেক কমিয়েছে মহারাষ্ট্র সরকার। এর জেরে শুধু মুম্বইতেই নয়, গোটা মহারাষ্ট্রতেই দাম কমেছে মদের।
শুল্ক কমালেও, এখনও মদের উপর চাপানো বিশেষ শুল্কের দাম মহারাষ্ট্রতেই সবথেকে বেশি। এরই সঙ্গে কেরালাতেও শুল্কের হার কমেছে ১৫০ শতাংশ। এর জেরে এই দুই রাজ্যে এখন মদের উপর বিশেষ শুল্কের দাম সমান। ব্র্যান্ডি, হুইস্কি, রাম, জিন ও ভদকার উপর এই নতুন শুল্ক ছাড় প্রযোজ্য। বিয়ার ও ওয়াইনের উপর শুল্ক কমছে না।
রাজ্যের সীমানায় মদের চোরাচালান রুখতে এই শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। এর ফলে অন্যান্য রাজ্যের সঙ্গে মহারাষ্ট্রে মদের দামে সামঞ্জস্য থাকবে বলে জানা যাচ্ছে।
২০১৬-১৭ থেকে ২০১৮-১৯ সাল পর্যন্ত আমদানিকৃত স্পিরিট থেকে রাজস্বের পরিমাণ ছিল ২০০ কোটি টাকা। কিন্তু ২০১৯-২০ সালে ১০০ কোটি আবগারি থেকে সেই রাজস্ব সংগ্রহ হয়েছে মাত্র ১০০ কোটি। আর তাই এবার আবগারি থেকে আয় বাড়াতে আমদানি শুল্ক কমাতে উদ্য়োগী মহারাষ্ট্র সরকার।
এবার দেখে নেওয়া যাক কোন মদের দাম কতটা কমল-
Chivas Regal (১২ বছরের পুরনো) Blended Scotch Whiskey-এর আগের দাম ছিল ৫,৮৫০ টাকা, নতুন দাম হয়েছে ৩,৮৫০ টাকা। Johnny Walker Black Label Blended Scotch Whiskey-র আগের দাম ছিল ৫,৭৬০ টাকা। এখন নতুন দাম হল ৩,৭৫০ টাকা। আগে Johnny Walker Red Label Blended Scotch Whiskey -এর দাম ছিল ৩,০৬০ টাকা, এখন নতুন দাম হল ১,৯৫০ টাকা। Jameson Triple Distilled Irish Whiskey-এর আগের দাম ছিল ৩,৮০০ টাকা, নতুন দাম হচ্ছে ২,৫০০ টাকা। Jordans London Dry Gin-এর আগে দাম ছিল ২,৪০০ টাকা, নতুন দাম হতে চলেছে ১,৬৫০ টাকা। Blantyre Finest Blended Scotch Whiskey-এর আগের দাম ছিল ৩,০৭৫ টাকা, আর নতুন দাম হতে চলেছে ২,১০০ টাকা।





