ভোটের আগে রাজ্যজুড়ে নগদ উদ্ধারে তোলপাড়! তৃণমূল নেতার গাড়ি থেকে ১ কোটি, দুর্গাপুরে ৫০ লক্ষ, নন্দকুমারে ২৩ লক্ষ উদ্ধার! নির্বাচনের মুখে কি চলছে টাকার খেলা?

ভোট যত এগিয়ে আসছে, ততই রাজ্যজুড়ে বাড়ছে নজরদারি। রাস্তায় রাস্তায় চলছে নাকা চেকিং, কড়া হচ্ছে পুলিশি তল্লাশি। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনও অনিয়ম না ঘটে, তার জন্য প্রশাসনের তৎপরতা এখন চোখে পড়ার মতো। আর এই কড়াকড়ির মধ্যেই একের পর এক চাঞ্চল্যকর উদ্ধার সামনে আসছে, যা ঘিরে তৈরি হচ্ছে নতুন করে রাজনৈতিক চাপানউতোর।

শুক্রবারই একাধিক জায়গায় বড় অঙ্কের নগদ টাকা উদ্ধার হয়েছে। দুর্গাপুর স্টেশন এলাকা থেকে জিআরপি উদ্ধার করেছে প্রায় ৫০ লক্ষ টাকা। একই দিনে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার এলাকায় নাকা চেকিং চলাকালীন একটি বাস থেকে উদ্ধার হয় প্রায় ২৩ লক্ষ ৫০ হাজার টাকা। এই ঘটনাগুলি ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ ভোটের আগে এত পরিমাণ নগদ টাকা উদ্ধার হওয়া স্বাভাবিকভাবেই সন্দেহ বাড়াচ্ছে।

তবে সবচেয়ে বেশি আলোড়ন ফেলেছে তমলুকের ঘটনা। আগামী ২৩ এপ্রিল পূর্ব মেদিনীপুরে প্রথম দফার ভোটের আগে, তমলুকের এক তৃণমূল নেতার গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ কোটি টাকা। জানা গিয়েছে, নিমতৌড়ি-ময়না রাজ্য সড়কের নিকাশি বাসস্ট্যান্ডের কাছে নাকা চেকিং চলাকালীন পুলিশ ওই গাড়ি থামায় এবং তল্লাশি চালাতেই সামনে আসে বিপুল পরিমাণ নগদ অর্থ।

যাঁর গাড়ি থেকে এই টাকা উদ্ধার হয়েছে, তিনি তমলুকের তৃণমূল নেতা তথা তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান গোপাল চন্দ্র মাইতি। তিনি দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকা সমবায় সমিতির এবং এর বৈধ কাগজপত্র রয়েছে। তবে একই সঙ্গে তিনি এটাও স্বীকার করেছেন যে, পুলিশ বা থানাকে না জানিয়ে এইভাবে টাকা বহন করা ঠিক হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরো টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখতে আয়কর দফতরকেও জানানো হয়েছে।

এদিকে নন্দকুমারের ঘটনায় বাস থেকে উদ্ধার হওয়া টাকার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে, যাঁরা পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ও ভূপতিনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। একের পর এক এই ধরনের উদ্ধার ঘিরে প্রশ্ন উঠছে ভোটের আগে এত নগদ টাকা কোথা থেকে আসছে? এর পিছনে কি কোনও বড় চক্র কাজ করছে? প্রশাসন তদন্ত শুরু করলেও রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর তরজা। ভোটের ঠিক আগে এই ঘটনাগুলি যে নতুন করে উত্তাপ বাড়াবে, তা বলাই বাহুল্য।

RELATED Articles