গালওয়ানে চীন অনুপ্রবেশ না করলে সেনা মৃত্যু কেন? প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধিতায় মহুয়া

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদল বৈঠকে লাদাখ সীমান্তে চীনা আগ্রাসন নিয়ে মন্তব্য করেছেন যে, গালওয়ান সীমান্তে চীন অনুপ্রবেশ করেনি। এই বক্তব্যের এবার বিরোধিতা করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

মহুয়া টুইট করেছেন, “সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন গালওয়ানে কোনও অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। ভারতীয় ভূখণ্ড বেদখলও হয়নি। আমি বুঝতে পারছি না, যদি কিছু না ঘটে থাকে, তাহলে উত্তেজনা প্রশমনের চেষ্টা কেন? কেন সেনা এবং কূটনৈতিক পর্যায় আলোচনা? কেন এই মৃত্যু?” তাঁর এই টুইটের পর স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। শুধু মহুয়া নয়, অন্যান্য কেন্দ্রীয় সরকারের বিরোধী রাজনৈতিক দলগুলোও প্রধানমন্ত্রীর বক্তব্যকে খারিজ করে এবং কেন প্রধানমন্ত্রী এই কথা বলেছেন সেই নিয়েও প্রশ্ন তুলেছে।

https://twitter.com/MahuaMoitra/status/1274169180359557120

কিন্তু প্রধানমন্ত্রী ঠিক কী বলেছিলেন সর্বদল বৈঠকে?

তিনি বলেছেন, “জল-স্থল-আকাশপথে দেশ রক্ষায় যা করার, তাই করছে সেনা। ভারতীয় ভূখণ্ডের দিকে চোখ তুলে তাকানোর শক্তি কারও নেই। আমাদের কাছে সেই শক্তি আছে।” চীন ভারতের সীমান্ত পেরোতে পারেনি। চীন আমাদের কোনও সেনা চৌকিও দখল করতে পারেনি। ২০জন সেনা শহিদ হয়েছেন। কিন্তু যারা ভারত মাতাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, তাদের উচিত শিক্ষা দেওয়া হয়েছে।”

অন্যদিকে বিজেপি নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে বিরোধী দলগুলো।

আরও অন্যান্য খবর