একে করোনায় রক্ষা নেই, তার ওপর আবার ঘূর্ণিঝড় আম্ফান। বাংলার খুব কাছে অবস্থান করছে এই সুপার সাইক্লোন। আবহাওয়া দফতর সূত্রে খবর শক্তি বাড়িয়ে আগামী বুধবার দুপুরে বাংলায় প্রবেশ করতে পারে এই অতিশক্তিশালী ঘুর্ণিঝড়। শক্তিশালী ঘূর্ণিঝড়ের গতিপথে রয়েছে পশ্চিমবঙ্গের দিঘা থেকে বাংলাদেশের হাতিয়া দ্বীপ।
বাংলার উপকূলবর্তী সব এলাকাতে সতর্কতা জারি করা হয়েছে । এখনও পর্যন্ত আসা গতিপথ ঠিক রেখে যদি পশ্চিমবঙ্গের উপর আছড়ে পড়ে আম্ফান তাহলে বিপুল ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। এই কঠিন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অবস্থায় যে কোনও সাহায্যের জন্য রাজ্যের পাশে কেন্দ্র রয়েছে বলে আশ্বাস দিয়েছেন তিনি। ইতোমধ্যে পশ্চিমবঙ্গ ও ওড়িশা- এই দুই রাজ্যে ১০টি দলকে পাঠিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। এ রাজ্যে ৭টি ও ওডিশায় ১০টি দল পাঠিয়েছে NDRF।
আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলে ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টি মঙ্গলবার থেকেই শুরু হতে পারে। বুধবার গাঙ্গেয় বঙ্গের প্রায় সর্বত্র ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। আম্ফানের প্রভাবে মঙ্গল ও বুধবার কলকাতা, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হুগলী, নদীয়ায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।





