আজ উত্তরপ্রদেশে রয়েছে ষষ্ঠ দফার নির্বাচন। আর আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গড় বারাণসীতে সমাজবাদী পার্টি অখিলেশ যাদবের সঙ্গে যৌথ সভা করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বারাণসীর সভা থেকে নরেন্দ্র মোদী -সহ উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে তুলোধোনা করলেন তৃণমূল সুপ্রিমো।
গতকালই উত্তরপ্রদেশ গিয়েছেন মমতা। এদিন বারাণীর ঘাটে বসে সন্ধ্যা আরতি দেখেছেন তিনি। আজকের এই যৌথ সভায় যে তিনি মোদীর বিরুদ্ধে সুর চড়াবেন, তা জানাই ছিল। আর হলও তেমনটাই। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে প্রধানমন্ত্রী মোদী, কেউই বাদ গেলেন না মমতার বাক্যবাণ থেকে। এদিনের এই সভায় বেশ উপচে পড়া ভিড় দেখা গেল। নিজের চেনা ভঙ্গিতেই বিজেপি সরকারকে বিঁধলেন মমতা।
এদিনের এই সভা থেকে কার্যত মহিলা ভোটকেই লক্ষ্য করেন মমতা। বলেন, “মা বোনরা আমাদের বাড়ির সম্বল, তাঁরা বাড়ির সব কাজ করেন। আপানাদের কাছে আমার অনুরোধ আপনারা অন্য কারোর ওপর ভরসা না করে অখিলেশকে ভোট দিন। আমি বাংলায় প্রত্যেক মহিলাকে মাসে ৫০০ টাকা করে দি।বিজেপির সরকার মেয়েদের জন্য কী করেছে? কিচ্ছু করেনি। তাই বিজেপিকে ভোট দেবেন না”।
এদিনের এই সভায় ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের প্রসঙ্গও তুলেও মুখ খোলেন মমতা। বলেন, “আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব। কিন্তু বিমানে উঠে বিজেপির এক মন্ত্রী নরেন্দ্র মোদীর জয়গান করছে। আমরাও বলেছি, বাংলার কেউ আটকে থাকলে তার বিমান ভাড়া সরকার দেবে”।
২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগান এক অন্য মাত্রায় পৌঁছেছিল। সেই ‘খেলা হবে’র আদলেই একটি গান তৈরি করেছেন সমাজবাদী পার্টিও। এদিন উত্তরপ্রদেশে গিয়েও ‘খেলা হবে’ ডাক দিলেন মমতা। যোগী সরকারকে বদলে দেওয়ার ডাক দিয়েছেন তৃণমূলনেত্রী। মমতা উত্তরপ্রদেশে পৌঁছনোর পরই তাঁকে কালো পতাকা দেখানো হয়েছিল।
সেই প্রসঙ্গে তিনি সভায় বলেন, “ “কাল আমাকে বেইজ্জত করা হয়েছে। আমি এত সহজে ভয় পাইনা। সিপিএম আমাকে অনেকে মেরেছে। কিন্তু আমি বাংলায় ওদের হারিয়েছি”।
গতকাল, বুধবার বাংলার ১০৮ পুরসভা নির্বাচনে ব্যাপক জয় পেয়েছে তৃণমূল। সেই প্রসঙ্গ তুলে মমতা বক্তব্য, “বাংলার পুর নির্বাচনেও বিজেপি ব্যাপকবভাবে পরাজিত হয়েছে। আপনারও বিজেপিকে আরও একটি ধাক্কা দিন। উত্তর প্রদেশের বিজেপি সরকার করোনার সময়ও কোনও কাজ করেনি। মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই মৃতদেহ ভেসে আমাদের ওখানে গিয়েছে, আমরা সম্মানের সঙ্গে মৃতদেহগুলিকে সৎকার করেছি। যোগী সরকারকে বদলে দিন”।





