নিজের বক্তব্যের মাঝে কয়েক মিনিট থেমে যান প্রধানমন্ত্রী। ফের ভেজা গলায় নিজের বক্তব্য শুরু করেন নমো। এদিন গুলাম প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাকে আমি অবসর নিতে দেব না। আপনার পরামর্শ নিতেই থাকব। আপনার জন্য আমার দরজা সবসময় খোলা’।
প্রসঙ্গত উল্লেখ্য,কংগ্রেস বনাম বিজেপির লড়াইয়ে সদাই সরগরম থাকে রাজধানীর রাজনীতি।রোজই নানা ইস্যুতে দু’দলের মধ্যে বাগযুদ্ধ চলে। রাজ্যসভায় শাসক-বিরোধী তরজাও চেনা পরিচিত ছবি। কিন্তু, রাজনীতির সেই বিভাজন দূরে সরিয়ে বিদায়ী সংবর্ধনায় প্রতিপক্ষ নেতার প্রতি যে সৌজন্যে দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা সত্যিই প্রশংসনীয়। আবেগঘন গলায় তাঁর বক্তব্য পেশ করা রাজ্যসভার চেনা ছবিই এদিন বদলে দেয়। এমন বেনজির সৌজন্য হালফিলে সংসদ কমই দেখেছে বলে মত সংশ্লিষ্ট মহলের একাংশের। যদিও এর আগেও সংসদীয় গণতন্ত্রে সৌজন্যের ছবির সাক্ষী থেকেছে দেশ।
গুলাম নবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী এদিন এও জানিয়েছেন, একজন বিরোধী দলের নেতা হিসেবে দলীয় রাজনীতি নিয়ে ব্যস্ত থাকাটাই স্বাভাবিক। কিন্তু, গুলাম নবি দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশকে প্রাধান্য দিয়েছেন সবসময়। রাজনৈতিক বিষয়ে তাঁর পরামর্শ যে কতখানি মূল্যবান, সে কথাও তুলে ধরেছেন নমো। এদিন রাজ্যসভায় মোদী বলেন, ‘বহু বছর ধরে গুলাম নবিকে চিনি। আমরা একসঙ্গে মুখ্যমন্ত্রী ছিলাম। মুখ্যমন্ত্রী হওয়ার আগেও ওঁর সঙ্গে কথা হত। উনি একজন সত্যিকারের বন্ধু’।





